কলম্বিয়ায় ভয়াবহ দাবানলে পুড়ল ২০০ হেক্টর বনভূমি

- আপডেট সময় : ০১:৫৬:২৮ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
- / ৫১৭ বার পড়া হয়েছে
কলম্বিয়ার মধ্যাঞ্চলের জনপ্রিয় পর্যটন নগরী ভিলা দে লেইভার কাছাকাছি একটি বনাঞ্চলে ভয়াবহ দাবানল ছড়িয়ে পড়েছে। রোববার হঠাৎ ছড়িয়ে পড়া এই আগুনে এখন পর্যন্ত প্রায় ২০০ হেক্টর বনভূমি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় কর্মকর্তারা। বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
ঔপনিবেশিক স্থাপত্য ও পাথরে বাঁধানো সড়কের জন্য পরিচিত আন্দিজ অঞ্চলের এই শহরের কেন্দ্রীয় চত্বর থেকেও আগুনের লেলিহান শিখা দেখা যাচ্ছিল। প্রতিবছর ১০ লাখের বেশি পর্যটক ভিড় করেন শহরটিতে। স্থানীয় কর্মকর্তা হোসে কাস্ত্রো জানিয়েছেন, রোববার পর্যন্ত প্রায় ২০০ হেক্টর বনভূমি আগুনে ক্ষতিগ্রস্ত হয়েছে। সকালে দেওয়া হিসাবের তুলনায় ক্ষয়ক্ষতির পরিমাণ বেড়েছে চার গুণেরও বেশি। শনিবার কাছের বনাঞ্চলে আগুন লাগার প্রায় ২৪ ঘণ্টা পর রোববার বিকেলে আগুন নিয়ন্ত্রণে মাঠে নামেন প্রায় ২৫০ জন স্থানীয় দমকলকর্মী ও বাসিন্দা।
স্বেচ্ছাসেবকেরা দা ও গাছের ডাল ব্যবহার করে আগুনের বিস্তার ঠেকানোর চেষ্টা করেন। পাশাপাশি হেলিকপ্টার থেকে আগুনের ওপর পানি ছিটানো হয়। গভর্নরের কার্যালয়ের দুটি হেলিকপ্টারের পাশাপাশি সামরিক বাহিনীর আরও দুটি হেলিকপ্টার আগুন নিয়ন্ত্রণের কাজে যুক্ত হয়। রাজধানী বোগোতা থেকেও দমকলকর্মীরা সেখানে গিয়ে উদ্ধার ও নিয়ন্ত্রণ কার্যক্রমে অংশ নেন।
কলম্বিয়ার প্রেসিডেন্ট আবেলার্দো দে লা এসপ্রিয়েলা সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় জানান, আগুন নিয়ন্ত্রণ এবং বাসিন্দাদের ঐতিহ্য ও প্রাকৃতিক সম্পদ রক্ষায় রাষ্ট্রের সব ধরনের সম্পদ কাজে লাগানো হবে। দেশটির দুর্যোগ ঝুঁকি ব্যবস্থাপনা সংস্থা রোববার বিকেলে জানিয়েছে, দাবানলের প্রায় ৫০ শতাংশ নিয়ন্ত্রণে এসেছে।
নিরক্ষরেখার কাছাকাছি আন্দিজ অঞ্চলে শুষ্ক মৌসুমে বনাঞ্চলে আগুন লাগার ঘটনা সাধারণ হলেও বর্তমান আবহাওয়ায় পরিস্থিতি আরও তীব্র হয়েছে। খরা ও উচ্চ তাপমাত্রার কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়ছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। সর্বশেষ সরকারি তথ্য অনুযায়ী, কলম্বিয়ায় বর্তমানে প্রায় ১৮টি বনাঞ্চলে সক্রিয় দাবানল রয়েছে।
















