ঝোড়ো হাওয়ার শঙ্কায় সমুদ্রবন্দরে ৩ নম্বর সংকেত

- আপডেট সময় : ০৯:৪৯:০৩ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
- / ৫২৪ বার পড়া হয়েছে
বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের প্রভাবে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার আশঙ্কায় দেশের চার সমুদ্রবন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে। সোমবার ২১ সেপ্টেম্বর আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।
পূর্বাভাসে বলা হয়েছে, পূর্বমধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উত্তর আন্দামান সাগর এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি পশ্চিম উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে বর্তমানে পশ্চিমমধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পূর্বমধ্য বঙ্গোপসাগর এলাকায় অবস্থান করছে।
লঘুচাপটি আরও পশ্চিম উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে ঘনীভূত হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। এর প্রভাবে সমুদ্রবন্দরগুলো, উত্তর বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকার ওপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে।
এ অবস্থায় চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে। আবহাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, লঘুচাপের গতিপথ ও শক্তি পরিবর্তনের সঙ্গে সঙ্গে উপকূলীয় এলাকায় আবহাওয়ার পরিস্থিতিও পরিবর্তিত হতে পারে।
















