মহম্মদপুরে ডিসির সভা থেকে সাংবাদিকদের বের করে দেওয়ার অভিযোগ

- আপডেট সময় : ০৭:০০:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬
- / ৫২৮ বার পড়া হয়েছে
মাগুরার মহম্মদপুরে জেলা প্রশাসকের মতবিনিময় সভা থেকে সাংবাদিকদের বের করে দেওয়ার অভিযোগ উঠেছে। সরকারি নোটিশের মাধ্যমে সাংবাদিকদের আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ জানানোর পরও সভা শুরুর সময় তাদের হলরুম ছেড়ে বের হয়ে যেতে বলা হয় বলে অভিযোগ করেছেন স্থানীয় সাংবাদিকরা।
সোমবার দুপুরে মহম্মদপুর উপজেলা পরিষদের মিনি কনফারেন্স রুমে জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট অনাদি মতাকাব্বীর আহমেদের সঙ্গে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মতবিনিময় সভায় এ ঘটনা ঘটে। উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, জেলা প্রশাসকের আগমন উপলক্ষে উপজেলার কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, রাজনৈতিক ব্যক্তিবর্গ, শিক্ষক ও সাংবাদিকদের উপস্থিত থাকার আহ্বান জানিয়ে একটি নোটিশ জারি করা হয়।
মহম্মদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা বেদবতী মিস্ত্রী স্বাক্ষরিত ওই নোটিশে সাংবাদিকদেরও সভায় উপস্থিত থাকার কথা স্পষ্টভাবে উল্লেখ করা হয়। সে অনুযায়ী স্থানীয় বিভিন্ন জাতীয় দৈনিক ও ইলেকট্রনিক গণমাধ্যমের সাংবাদিকরা নির্ধারিত সময়ে সভাস্থলে উপস্থিত হন।
অভিযোগ রয়েছে, সভার শুরুতে পরিচয় পর্ব চলাকালে সাংবাদিকরা নিজেদের পরিচয় দিচ্ছিলেন। এ সময় জেলা প্রশাসক নিজেই মাইক হাতে নিয়ে শুধু প্রেসক্লাবের সভাপতি ও সাধারণ সম্পাদককে সভায় থাকার কথা বলেন এবং অন্য সাংবাদিকদের হলরুম থেকে বের হয়ে যেতে নির্দেশ দেন।
এ ঘটনায় উপস্থিত সাংবাদিকদের মধ্যে ক্ষোভ ও অসন্তোষ দেখা দেয়। পেশাগত মর্যাদা ও গণমাধ্যমকর্মীদের সঙ্গে প্রশাসনের আচরণ নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয় সাংবাদিকরা। সাংবাদিকদের অভিযোগ, যেখানে সরকারি নোটিশে তাদের আমন্ত্রণ জানানো হয়েছিল, সেখানে সভাস্থলে গিয়ে এভাবে বের করে দেওয়ার নির্দেশ দেওয়া তাদের পেশাগত মর্যাদার প্রতি অসম্মানজনক।
ঘটনার পর স্থানীয় সাংবাদিক মহলে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। তারা বিষয়টির প্রতিবাদ ও নিন্দা জানিয়েছেন। তবে জেলা প্রশাসকের পক্ষ থেকে এ বিষয়ে কোনো বক্তব্য পাওয়া গেলে তা প্রতিবেদনে যুক্ত করা হবে। ঘটনাটি নিয়ে স্থানীয় সাংবাদিকদের মধ্যে অসন্তোষ অব্যাহত রয়েছে।













