নুসরাত হত্যা মামলায় হাইকোর্টের রায় সোমবার

- আপডেট সময় : ০৯:৪২:০০ অপরাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬
- / ৫১২ বার পড়া হয়েছে
ফেনীর সোনাগাজীর আলোচিত মাদ্রাসাছাত্রী নুসরাত জাহান রাফি হত্যা মামলায় হাইকোর্টের রায় ঘোষণা করা হবে সোমবার। অগ্রাধিকার ভিত্তিতে ডেথ রেফারেন্স ও আসামিদের আপিলের শুনানি শেষে বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি কেএম রাশেদুজ্জামান রাজার সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রায় ঘোষণা করবেন।
রাষ্ট্রপক্ষে মামলাটি পরিচালনা করেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল ও ডেপুটি অ্যাটর্নি জেনারেল সৈয়দ ইজাজ কবির। আসামিপক্ষে শুনানি করেন সিনিয়র আইনজীবী মনসুরুল হক চৌধুরী, এসএম শাহজালাল, এসএম মাসুদ হোসেন দোলন, মোহাম্মদ শিশির মনিরসহ অন্য আইনজীবীরা।
২০১৯ সালের ২৪ অক্টোবর নুসরাত হত্যা মামলায় রায় দেন ফেনীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল। ওই রায়ে মামলার ১৬ আসামিকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। মৃত্যুদণ্ডপ্রাপ্তদের মধ্যে ছিলেন সোনাগাজী ইসলামিয়া ফাজিল মাদ্রাসার বরখাস্ত অধ্যক্ষ সিরাজ উদদৌলা, তৎকালীন উপজেলা আওয়ামী লীগ সভাপতি রুহুল আমিন, পৌর কাউন্সিলর মাকসুদুল আলম, মাদ্রাসার শিক্ষক ও শিক্ষার্থীসহ ১৬ জন।
এর আগে নারী ও শিশু নির্যাতনের কয়েকটি আলোচিত ঘটনার পরিপ্রেক্ষিতে এ ধরনের মামলার ডেথ রেফারেন্স ও আপিল দ্রুত নিষ্পত্তির উদ্যোগ নেওয়া হয়। এর অংশ হিসেবে গত ১০ জুন প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী অগ্রাধিকার ভিত্তিতে নারী ও শিশু নির্যাতন দমন আইনের মামলার মৃত্যুদণ্ড অনুমোদন ও আপিল শুনানির জন্য বিশেষ হাইকোর্ট বেঞ্চ গঠন করেন। নুসরাত হত্যা মামলার হাইকোর্টের রায়কে ঘিরে তাই দেশজুড়ে রয়েছে ব্যাপক আগ্রহ। এখন দেখার বিষয়, নিম্ন আদালতের দেওয়া ১৬ আসামির মৃত্যুদণ্ড হাইকোর্ট বহাল রাখেন, নাকি রায়ে কোনো পরিবর্তন আসে।






























