র্যাব-ডিএমপি-পিবিআইসহ পুলিশের গুরুত্বপূর্ণ পদে রদবদল

- আপডেট সময় : ০৮:৫৯:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬
- / ৫১১ বার পড়া হয়েছে
বাংলাদেশ পুলিশের ঊর্ধ্বতন ১৭ কর্মকর্তাকে বদলি ও নতুন দায়িত্ব দেওয়া হয়েছে। র্যাব, ঢাকা মহানগর পুলিশ—ডিএমপি, পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন—পিবিআই, অপরাধ তদন্ত বিভাগ—সিআইডি, বিশেষ শাখা—এসবি, আর্মড পুলিশ ব্যাটালিয়ন—এপিবিএন এবং রংপুর মেট্রোপলিটন পুলিশে—আরপিএমপি গুরুত্বপূর্ণ পদে এ রদবদল আনা হয়েছে।
মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখা থেকে পৃথক তিনটি প্রজ্ঞাপনে এসব বদলি ও পদায়নের তথ্য জানানো হয়। এক প্রজ্ঞাপনে পিবিআইয়ের ডিআইজি মো. হুমায়ুন কবিরকে র্যাবের অতিরিক্ত মহাপরিচালক হিসেবে বদলি করা হয়েছে। পুলিশ স্টাফ কলেজের অতিরিক্ত ডিআইজি মো. হুমায়ুন কবীরকে পুলিশ অধিদপ্তরে বদলি করা হয়েছে।
রেলওয়ে পুলিশের অতিরিক্ত ডিআইজি মো. তোফায়েল আহমেদ মিয়াকে ডিএমপির যুগ্ম পুলিশ কমিশনার এবং এপিবিএনের পুলিশ সুপার নাজমুল আলমকে ডিএমপির উপপুলিশ কমিশনার করা হয়েছে। এসবির অতিরিক্ত পুলিশ সুপার মো. রেজাউল করিমকে এপিবিএন ও বিশেষায়িত ট্রেনিং সেন্টার, খাগড়াছড়িতে সংযুক্ত করা হয়েছে। অন্য এক প্রজ্ঞাপনে এসবির ডিআইজি মু. মাহবুবুর রশীদকে রংপুর মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার করা হয়েছে। ডিএমপির উপপুলিশ কমিশনার আসলাম উদ্দিনকে পুলিশ অধিদপ্তরে পুলিশ সুপার হিসেবে বদলি করা হয়েছে।
পিটিসি নোয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ নূরুল আমীনকেও এপিবিএন ও বিশেষায়িত ট্রেনিং সেন্টার, খাগড়াছড়িতে সংযুক্ত করা হয়েছে। এ ছাড়া ডিএমপির যুগ্ম কমিশনার মোহাম্মদ কামরুজ্জামানকে পুলিশ অধিদপ্তরের অতিরিক্ত ডিআইজি হিসেবে বদলির আগের আদেশ বাতিল করা হয়েছে। একই সঙ্গে ডিএমপির উপপুলিশ কমিশনার মল্লিক আহসান উদ্দিন সামীকে নড়াইলের পুলিশ সুপার হিসেবে বদলির আদেশও বাতিল করা হয়েছে।
আরেক প্রজ্ঞাপনে এপিবিএনের পুলিশ সুপার মো. শাহাদাত হোসেন, এসবির বিশেষ পুলিশ সুপার এম কে এইচ জাহাঙ্গীর হোসেন এবং আরপিএমপির উপপুলিশ কমিশনার মো. আবদুর রহমানকে পিবিআইয়ের পুলিশ সুপার হিসেবে পদায়ন করা হয়েছে। পিবিআইয়ের পুলিশ সুপার মো. জাফর হোসেনকে সিআইডির অতিরিক্ত ডিআইজি করা হয়েছে। পিবিআইয়ের পুলিশ সুপার মো. আবুল কালাম আজাদকে গাজীপুর ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারের কমান্ড্যান্ট এবং কমান্ড্যান্ট এস এম সিরাজুল হুদাকে ঝিনাইদহ ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারের কমান্ড্যান্ট করা হয়েছে।
এ ছাড়া পিবিআইয়ের পুলিশ সুপার মুহাম্মদ খালেদ-উজ-জামানকে সিআইডির পুলিশ সুপার এবং এস এম রফিকুল ইসলামকে এপিবিএনের পুলিশ সুপার হিসেবে পদায়ন করা হয়েছে। সিলেট মহানগর পুলিশের উপপুলিশ কমিশনার মো. রিয়াজুল কবিরকে রংপুর রেঞ্জ ডিআইজির কার্যালয়ে সংযুক্ত করা হয়েছে।






























