মিষ্টির টাকা চাওয়াকে কেন্দ্র করে বরযাত্রীদের সঙ্গে সংঘর্ষ, আহত ৫০

- আপডেট সময় : ০৯:১৬:২০ অপরাহ্ন, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬
- / ৫২৩ বার পড়া হয়েছে
কিশোরগঞ্জের করিমগঞ্জে বরযাত্রীর গাড়ি আটকে ‘মিষ্টি’র টাকা দাবি করাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে বর ও বরের বাবাসহ অন্তত ৫০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে দুজনকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, করিমগঞ্জ উপজেলার বারঘরিয়া ইউনিয়নের ধিতপুর এলাকার হবি মিয়ার ছেলে আবু হানিফের বিয়ে ঠিক হয় নোয়াবাদ ইউনিয়নের ঝাউতলা গ্রামে। শুক্রবার জুমার নামাজের পর বরযাত্রীরা গাড়ি নিয়ে কনের বাড়ির উদ্দেশে রওনা হন। পথে বারঘরিয়ার গাবতলী বাজারে বরযাত্রীর গাড়ি পৌঁছালে স্থানীয় কয়েকজন যুবক গাড়ি আটকে ‘মিষ্টি’র জন্য টাকা দাবি করেন। এ নিয়ে বরপক্ষের সঙ্গে তাদের কথা-কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে উভয় পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়েন।
আরও পড়ুন,
- ঢাবির কয়েক শিক্ষার্থীর বিরুদ্ধে হ্যারাসমেন্টের অভিযোগ শিক্ষিকার
- কয়েক দিনের পরিবহন সংকট কাটল, রাজশাহী থেকে বিভিন্ন রুটে বাস
- জাতিসংঘের এবারের সেশন আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ : শামা ওবায়েদ
স্থানীয়ভাবে তৈরি ঢাল ও দেশীয় অস্ত্র নিয়েও অনেকে সংঘর্ষে অংশ নেন বলে জানা গেছে। এতে বর আবু হানিফ ও তার বাবা হবি মিয়াসহ উভয় পক্ষের অন্তত ৫০ জন আহত হন। আহতদের মধ্যে দুজনকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেলে পাঠানো হয়েছে। বাকিদের চিকিৎসা দেওয়া হয়েছে করিমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। করিমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সোহেব খান জানান, এ ঘটনায় বরপক্ষ শনিবার থানায় লিখিত অভিযোগ দিয়েছে। অভিযোগে কয়েকজনের নাম উল্লেখ করা হয়েছে। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তবে শনিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত এ ঘটনায় কাউকে আটক করা হয়নি।













