ফতুল্লায় ১৫১০ পিস ইয়াবাসহ ২ শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেফতার!
- আপডেট সময় : ০৭:৩৪:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
- / ৬৫৩ বার পড়া হয়েছে
নারায়ণগঞ্জের ফতুল্লায় ফতুল্লা মডেল থানা পুলিশের বিশেষ অভিযানে ১৫১০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার (২১ জুলাই) ভোর আনুমানিক ৬:৪৫ ঘটিকায় ফতুল্লা থানাধীন মাসদাইর বাড়ৈভোগ খানকার মোড় এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন—
১. মোঃ মাসুদ ওরফে হোটেল মাসুদ (৪০), পিতা: মৃত মুসলিম মিয়া, সাং: পশ্চিম মাসদাইর (বারৈইভোগ খানকার মোড়), থানা: ফতুল্লা, জেলা: নারায়ণগঞ্জ।
২. মোঃ রাকিবুল ইসলাম অপু (২৫), পিতা: মোঃ মামুন হোসেন, সাং: শিবু মার্কেট (ব্যাংক-এর মোড়), থানা: ফতুল্লা, জেলা: নারায়ণগঞ্জ।
পুলিশ সূত্রে জানা যায়, নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর নির্দেশনা এবং ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) জনাব মোহাম্মদ মাহবুব আলমের তত্ত্বাবধানে এসআই নন্দন চন্দ্র সরকার, এসআই শামীম হোসাইন, এসআই রফিক (পিপিএম) ও সঙ্গীয় ফোর্স এই অভিযান পরিচালনা করেন।
গোপন সংবাদের ভিত্তিতে মাসদাইর বাড়ৈভোগ খানকার মোড় এলাকায় আসামি মাসুদের বসতবাড়ির নিচতলার রুমে অভিযান চালিয়ে তাদের হাতেনাতে আটক করা হয়। পরে তল্লাশি চালিয়ে তাদের কাছ থেকে ১৫১০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদের নাম-ঠিকানা ও পিসিপিআর (PCPR) যাচাই করে তাদের বিরুদ্ধে একাধিক মামলার তথ্য পাওয়া গেছে। গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরপূর্বক বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
এ বিষয়ে ফতুল্লা মডেল থানার পুলিশ জানায়, এলাকায় মাদকসহ যেকোনো ধরনের অপরাধ দমনে নারায়ণগঞ্জ জেলা পুলিশের এই জিরো টলারেন্স অভিযান অব্যাহত থাকবে।













