নাগরিক সেবা সহজ করতে ৫ ব্যাংকের সঙ্গে ডিএসসিসির সমঝোতা

- আপডেট সময় : ০৫:২৭:০১ অপরাহ্ন, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬
- / ৫৬১ বার পড়া হয়েছে
নাগরিক সেবা আরও সহজ ও আধুনিক করার পাশাপাশি রাজস্ব আদায় কার্যক্রমে গতিশীলতা আনতে পাঁচটি ব্যাংকের সঙ্গে পৃথক সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন—ডিএসসিসি। বুধবার ২ সেপ্টেম্বর নগর ভবনে আয়োজিত এক অনুষ্ঠানে এসব সমঝোতা স্মারক স্বাক্ষর করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডিএসসিসির প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম।
ডিএসসিসির সঙ্গে চুক্তিবদ্ধ পাঁচটি ব্যাংক হলো—ব্র্যাক ব্যাংক পিএলসি, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি, কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসি, সীমান্ত ব্যাংক পিএলসি এবং জনতা ব্যাংক পিএলসি।
চুক্তির আওতায় এসব ব্যাংক ডিএসসিসি এলাকার হোল্ডিং ট্যাক্স, ট্রেড লাইসেন্স ফিসহ বিভিন্ন ধরনের ফি অনলাইন ও অফলাইন পদ্ধতিতে সংগ্রহ করবে। এর ফলে নগরবাসীর কর ও ফি পরিশোধের প্রক্রিয়া আরও সহজ হবে। একই সঙ্গে কমবে সময় ও ভোগান্তি। রাজস্ব আদায়েও স্বচ্ছতা ও জবাবদিহিতা বাড়বে বলে আশা করছে ডিএসসিসি।
অনুষ্ঠানে প্রশাসক মো. আবদুস সালাম বলেন, নাগরিক সেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে প্রযুক্তিনির্ভর ব্যবস্থা গড়ে তোলা ডিএসসিসির অন্যতম লক্ষ্য। সেবা গ্রহণ ও রাজস্ব পরিশোধ যত সহজ হবে, নগরবাসীর সঙ্গে সিটি কর্পোরেশনের সম্পৃক্ততাও তত বাড়বে।
তিনি জানান, বর্তমানে ডিএসসিসিতে নিবন্ধিত হোল্ডিংয়ের সংখ্যা প্রায় ২ লাখ ৯০ হাজার, যা প্রকৃত সংখ্যার তুলনায় অনেক কম। করের হার না বাড়িয়ে নতুন নতুন হোল্ডিংকে করের আওতায় আনার পরিকল্পনা রয়েছে। পাশাপাশি রাজস্ব আহরণ আরও দক্ষ করতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রশিক্ষণের ব্যবস্থাও করা হবে।
ঢাকাকে আরও সুন্দর ও বাসযোগ্য করতে সরকারি-বেসরকারি সমন্বিত উদ্যোগের ওপরও গুরুত্ব দেন ডিএসসিসি প্রশাসক। সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে সিটি কর্পোরেশনের সংগীত বিদ্যালয়, পাঠাগার, ব্যায়ামাগার, পাবলিক টয়লেট, খেলার মাঠ ও সড়কের নান্দনিকতা বৃদ্ধিতে বিনিয়োগ করতে ব্যাংকগুলোর প্রতি আহ্বান জানান তিনি।
সমঝোতা স্মারকে ডিএসসিসির পক্ষে প্রধান নির্বাহী কর্মকর্তা মো. খয়বর রহমান এবং সংশ্লিষ্ট ব্যাংকগুলোর পক্ষে ব্যবস্থাপনা পরিচালকরা স্বাক্ষর করেন। অনুষ্ঠানে ডিএসসিসির ঊর্ধ্বতন কর্মকর্তা ও ব্যাংকগুলোর প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
















