সংসদ ভবনের গণপূর্ত কার্যালয়ে আগুন
- আপডেট সময় : ১০:১০:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬
- / ৫৭২ বার পড়া হয়েছে
জাতীয় সংসদ ভবনের মূল ভবনে অবস্থিত গণপূর্ত বিভাগ-১-এর নির্বাহী প্রকৌশলীর কার্যালয়ে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার বিকেল আনুমানিক ৩টা ১৫ মিনিটে এ ঘটনা ঘটে। জাতীয় সংসদ সচিবালয় জানিয়েছে, অগ্নিকাণ্ডে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অল্প সময়ের মধ্যেই আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনেন।
তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি। তবে ঘটনার খবর পেয়ে জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল এবং জাতীয় সংসদ সচিবালয়ের সচিব ঘটনাস্থল পরিদর্শন করেন। এ সময় তারা সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছ থেকে ঘটনার বিস্তারিত জানেন এবং পরিস্থিতি মোকাবিলায় প্রয়োজনীয় নির্দেশনা দেন।
এদিকে আগুন লাগার প্রকৃত কারণ উদঘাটন, ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনা প্রতিরোধে করণীয় নির্ধারণের জন্য একটি তদন্ত কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন ভারপ্রাপ্ত স্পিকার। জাতীয় সংসদ সচিবালয় জানিয়েছে, তদন্ত কমিটির প্রতিবেদন পাওয়ার পর অগ্নিকাণ্ডের কারণ, ক্ষয়ক্ষতির পরিমাণ এবং সংশ্লিষ্ট অন্যান্য বিষয় সম্পর্কে বিস্তারিত জানানো হবে।

















