সংসদে আসছে ১০ বছরের জ্বালানি পরিকল্পনা: প্রধানমন্ত্রী
- আপডেট সময় : ১২:০৯:২৮ পূর্বাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬
- / ৫১৯ বার পড়া হয়েছে
দেশের জ্বালানি ও বিদ্যুৎ সংকট সমাধানে আগামী ২৭ আগস্ট শুরু হতে যাওয়া সংসদ অধিবেশনে ১০ বছর মেয়াদি জ্বালানি পরিকল্পনা উপস্থাপন করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার রাজধানীর বনানীর টিঅ্যান্ডটি কলোনি মাঠে দরিদ্র ও অসহায় মানুষের মধ্যে আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানে তিনি এ ঘোষণা দেন।
প্রধানমন্ত্রী বলেন, বিগত সরকার দেশের অর্থনীতিসহ প্রতিটি ব্যবস্থা দুর্বল করে দিয়ে গেছে। এখন ধ্বংসস্তূপ থেকে দেশকে নতুন করে গড়ে তুলতে কাজ করছে সরকার। বিদ্যুৎ ও গ্যাস সংকট নিয়ে দেশবাসীর কাছে দুঃখ প্রকাশ করে প্রধানমন্ত্রী বলেন, মানুষ যে দুর্ভোগ পোহাচ্ছে, তা দ্রুত দূর করতে সরকার কাজ করছে। আগামী সংসদ অধিবেশনে দেশের জ্বালানি সমস্যা কীভাবে আগামী ১০ বছরে সমাধান করা হবে, সেই পরিকল্পনা জনগণের সামনে তুলে ধরা হবে।
গ্যাস সংকট মোকাবিলায় সরকারের কূটনৈতিক তৎপরতার কথা তুলে ধরে তিনি বলেন, তৃতীয় এলএনজি জাহাজের অনুমতি বাতিল করা হয়েছিল। সেটি নতুন করে চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। চীন ও মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে এ বিষয়ে আলোচনা হয়েছে বলেও জানান তিনি। প্রধানমন্ত্রী বলেন, তৃতীয় জাহাজটি দেশে এলে গ্যাস সংকট অনেকাংশে কমবে। তবে জাহাজ প্রস্তুত ও দেশে আনতে সময় লাগায় দেশবাসীকে ধৈর্য ধরার আহ্বান জানান তিনি।
এদিকে আগামী পাঁচ বছরের মধ্যে দেশের ৫০৩টি উপজেলার প্রতিটিতে ১৫১ শয্যার উপজেলা হাসপাতাল নির্মাণের প্রতিশ্রুতিও দেন প্রধানমন্ত্রী। এসব হাসপাতালে স্থানীয় মানুষ প্রয়োজনীয় চিকিৎসাসেবা পাবেন বলে জানান তিনি। সম্প্রতি বিদ্যুৎ ও গ্যাস সংকট নিয়ে একটি রাজনৈতিক দলের প্রতিবাদ প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, শুধু জনগণকে বিভ্রান্ত করার রাজনীতি বাদ দিতে হবে। কারও কাছে আগামী তিন থেকে ছয় মাসের মধ্যে সংকট সমাধানের বাস্তবসম্মত পরিকল্পনা থাকলে তা সংসদে উপস্থাপনের আহ্বান জানান তিনি।
বিগত ১৭ বছর বিএনপির নেতাকর্মীরা রাজপথে আন্দোলন-সংগ্রাম করেছেন দাবি করে প্রধানমন্ত্রী বলেন, এখন বিভ্রান্তিকর রাজনীতি কিংবা ভাঙচুরের দিন শেষ। জনগণের জন্য কাজ করার আহ্বান জানিয়ে তিনি বলেন, রাজপথে বিশৃঙ্খলা নয়, মানুষের পাশে দাঁড়ানোই এখন প্রয়োজন।

















