মাদক সেবনের আড্ডা থেকে ওয়ান শুটার গান ও গুলিসহ আটক ৩
- আপডেট সময় : ১২:৫০:৩৮ পূর্বাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬
- / ৫১৪ বার পড়া হয়েছে
ঝিনাইদহ শহরের বাস টার্মিনাল সংলগ্ন একটি ছাত্রাবাসে অভিযান চালিয়ে মাদক সেবনের অভিযোগে তিন যুবককে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় তাদের মধ্যে ফয়সালের কাছ থেকে একটি ওয়ান শুটার গান ও দুইটি তাজা গুলি উদ্ধার করা হয়েছে। শনিবার সন্ধ্যা ৭টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে বাস টার্মিনাল এলাকার একটি ছাত্রাবাসে এ অভিযান পরিচালনা করা হয়। আটকরা হলেন—ফয়সাল (৩৪), নাসিব রহমান অন্তর (২১) ও আব্দুল হাই (৩২)।
ঝিনাইদহ জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ওসি মনিরুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে সন্ধ্যায় বাস টার্মিনাল সংলগ্ন একটি ছাত্রাবাসে অভিযান চালানো হয়। এ সময় মাদক সেবনের অভিযোগে তিনজনকে আটক করা হয়। তাদের মধ্যে ফয়সালের কাছ থেকে একটি ওয়ান শুটার গান ও দুইটি তাজা গুলি উদ্ধার করা হয়েছে। অপর দুজন অন্তর ও আব্দুল হাইকে মাদক সেবনের অভিযোগে আটক করা হয়।
ডিবি পুলিশ সূত্রে জানা গেছে, অস্ত্রসহ আটক ফয়সালের বাড়ি চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলায়। তিনি ঝিনাইদহ শহরের পাগলাকানাই এলাকায় ভাড়া বাসায় বসবাস করেন। আটক অন্তর ঝিনাইদহ শহরের কালীকাপুর এলাকার বাসিন্দা এবং আব্দুল হাই শহরের মর্ডান মোড়সংলগ্ন মহিলা কলেজপাড়ার বাসিন্দা। অন্তরের বাবা পটুয়াখালী জেলা পুলিশে কর্মরত বলে জানা গেছে।
এ ঘটনায় আটক তিনজনের বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন ডিবি পুলিশের ওসি মনিরুল ইসলাম। তবে উদ্ধার হওয়া অস্ত্রটি কী উদ্দেশ্যে রাখা হয়েছিল এবং মাদক সেবনের সঙ্গে তাদের সম্পৃক্ততার বিষয়ে বিস্তারিত তদন্ত করছে পুলিশ।















