ককটেল বিস্ফোরণের পর ঢাকায় ২০০ চেকপোস্ট

- আপডেট সময় : ০২:০০:৫৬ পূর্বাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
- / ৫৩৪ বার পড়া হয়েছে
রাজধানীতে যানবাহনে অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণের ঘটনার পর নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করেছে ঢাকা মহানগর পুলিশ। নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় প্রায় ২০০টি চেকপোস্ট বসিয়ে যানবাহনে তল্লাশি চালানো হচ্ছে। একই সঙ্গে সন্দেহজনক যানবাহন ও মোটরসাইকেলের ওপর বিশেষ নজরদারি রাখা হয়েছে। রাজধানীর প্রধান সড়ক গুরুত্বপূর্ণ মোড় এবং প্রবেশপথগুলোতে বাড়ানো হয়েছে পুলিশি তৎপরতা।
ডিএমপির এডিসি মিডিয়া নিয়াজ মেহেদী জানান, যানবাহনে আগুন ও ককটেল বিস্ফোরণের ঘটনার পরিপ্রেক্ষিতে আগের দিন থেকেই রাজধানীতে নিরাপত্তা বাড়ানো হয়েছে। বিভিন্ন স্থানে প্রায় ২০০টি চেকপোস্ট বসিয়ে রাতভর যানবাহনে তল্লাশি চালানো হয়েছে। তিনি জানান, ডিএমপির ৫০টি থানার পুলিশ সতর্ক অবস্থায় রয়েছে। পাশাপাশি গোয়েন্দা পুলিশও মাঠে কাজ করছে। অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণের ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান অব্যাহত রয়েছে।
গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে চেকপোস্টের পাশাপাশি পিকেট ডিউটি জোরদার করা হয়েছে। নগরজুড়ে থানা মোবাইল ফুট প্যাট্রোল ও মোটরসাইকেল প্যাট্রোলও বাড়ানো হয়েছে। অপরাধ ও নাশকতা প্রতিরোধে মাঠে রয়েছে গোয়েন্দা পুলিশ ডিবি কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম সিটিটিসি এবং আর্মড পুলিশ ব্যাটালিয়নের এপিবিএন সদস্যরা। নগরবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে ডিএমপির সব বিভাগকে সার্বক্ষণিক সতর্ক অবস্থায় রাখা হয়েছে।
পুলিশের বিশেষ শাখা সিটি এসবি এবং ইন্টেলিজেন্স অ্যান্ড অ্যানালাইসিস ডিভিশনের সদস্যরাও মাঠপর্যায়ে কাজ করছেন বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। সম্ভাব্য অপরাধ ও নাশকতার আগাম তথ্য সংগ্রহ এবং তা বিশ্লেষণের মাধ্যমে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে কাজ করছেন তারা।












