পদ্মা অয়েল ডিপোতে চাঁদাবাজির অভিযোগে কৃষক দল নেতা বহিষ্কার

- আপডেট সময় : ১১:০৮:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
- / ৫৬৪ বার পড়া হয়েছে
এককালীন নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে পদ্মা অয়েল পিএলসির গোদনাইল ডিপোর কর্মীদের কাছে ২০ লাখ টাকা এবং প্রতিমাসে ২ লাখ টাকা চাঁদা দাবির মামলায় গ্রেপ্তার নারায়ণগঞ্জ মহানগর কৃষক দলের সদস্যসচিব সাইফুদ্দিন মোহাম্মদ ফয়সালকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। মঙ্গলবার ২২ সেপ্টেম্বর কৃষক দলের কেন্দ্রীয় সংসদের অনুমোদনক্রমে তাকে প্রাথমিক সদস্য পদসহ সব পর্যায়ের দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়।
সংগঠনের দপ্তর সম্পাদক মো. শফিকুল ইসলাম স্বাক্ষরিত এক বার্তায় বলা হয়েছে, দলীয় নীতি আদর্শ শৃঙ্খলা ও সংগঠনবিরোধী কর্মকাণ্ডে সরাসরি জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগের ভিত্তিতে তার বিরুদ্ধে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
একই সঙ্গে দলীয় নেতাকর্মীদের সাইফুদ্দিন মোহাম্মদ ফয়সালের সঙ্গে কোনো ধরনের যোগাযোগ না রাখার অনুরোধ জানানো হয়েছে। কৃষক দলের সভাপতি কৃষিবিদ হাসান জাফির তুহিন ও সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল এ সিদ্ধান্ত অনুমোদন করেন। এর আগে মঙ্গলবার দুপুরে জেলা গোয়েন্দা পুলিশের একটি দল নারায়ণগঞ্জের মামলায় ফয়সালকে গ্রেপ্তার করে আদালতে পাঠায়।













