নড়াইলে দুইপক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ ৫ জনসহ আহত ৮

- আপডেট সময় : ১১:১৭:৪২ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
- / ৫৬৮ বার পড়া হয়েছে
নড়াইলের কালিয়া উপজেলার নড়াগাতী থানার চরকান্দিপাড়া এলাকায় আধিপত্য বিস্তার ও পূর্ববিরোধের জেরে দুইপক্ষের সংঘর্ষে পাঁচজন গুলিবিদ্ধসহ আটজন আহত হয়েছেন।বুধবার ২৩ সেপ্টেম্বর সকাল ৯টার দিকে কলাবাড়িয়া ইউনিয়ন পরিষদের ২ নম্বর ওয়ার্ডের সদস্য মো. সোহেল ও আবেদ গ্রুপের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, এলাকায় আধিপত্য বিস্তার এবং পূর্ববিরোধকে কেন্দ্র করে সকালে দুইপক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়। এ সময় গুলি ও হামলার ঘটনায় উভয়পক্ষের আটজন আহত হন। তাদের মধ্যে পাঁচজনের শরীরের বিভিন্ন স্থানে গুলিবিদ্ধ হওয়ার খবর পাওয়া গেছে। প্রাথমিকভাবে গুলিবিদ্ধদের মধ্যে ইসরাফিল শিকদার, রাসেল শেখ, মতিউর রহমান, মুক্তি শেখ ও হাসান শেখের নাম জানা গেছে।
আহতদের প্রথমে কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ঘটনাটি তদন্ত করছে। নড়াগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. হোসেন আলী জানান, পূর্বের হত্যাকাণ্ডের জের এবং এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুইপক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে।
গুলিবিদ্ধ হয়ে চারজন আহত হওয়ার কথা শুনেছেন তিনি।তবে তারা গুলিতে আহত হয়েছেন কি না, তা চিকিৎসকের মাধ্যমে নিশ্চিত হওয়া যাবে। কোন ধরনের অস্ত্র ব্যবহার করা হয়েছে, সেটিও তদন্ত করা হচ্ছে বলে জানান ওসি। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য বুধবার দুপুর পর্যন্ত একজনকে আটক করা হয়েছে।












