বিটিভির সাবেক মহাপরিচালক মুস্তাফিজুর রহমানের দাফন সম্পন্ন
- আপডেট সময় : ১১:১৮:২৪ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬
- / ৫৬৩ বার পড়া হয়েছে
বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) সাবেক মহাপরিচালক, প্রখ্যাত নির্মাতা ও প্রযোজক মুস্তাফিজুর রহমানকে বনানী কবরস্থানে দাফন করা হয়েছে। তিন দিন আগে তার মৃত্যু হলেও বিদেশে থাকা দুই ছেলের দেশে ফেরার অপেক্ষায় মরদেহ ঢাকার একটি হাসপাতালের হিমঘরে সংরক্ষণ করা হয়। দুই ছেলে দেশে ফেরার পর বুধবার জানাজা শেষে পারিবারিক সিদ্ধান্তে তাকে দাফন করা হয়।
মুস্তাফিজুর রহমানের স্ত্রী সংগীতশিল্পী রওশন আরা মুস্তাফিজ জানান, ছোট ছেলে রাজিন অভি মুস্তাফিজ অস্ট্রেলিয়ার সিডনি এবং বড় ছেলে তানভীর রানা মুস্তাফিজ কানাডার টরন্টো থেকে দেশে ফেরার পর দাফনের আয়োজন করা হয়। বুধবার সকালে তার মরদেহ নেওয়া হয় বাংলাদেশ টেলিভিশন ভবনে। সেখানে সহকর্মী, শুভানুধ্যায়ী ও গুণগ্রাহীরা শ্রদ্ধা নিবেদন করেন এবং প্রথম জানাজা অনুষ্ঠিত হয়।
পরে চ্যানেল আই কার্যালয়ে দ্বিতীয় জানাজায় পরিবারের সদস্যদের পাশাপাশি উপস্থিত ছিলেন চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর, বিটিভির সাবেক মহাব্যবস্থাপক ম. হামিদ, চলচ্চিত্র পরিচালক হাবিবুল ইসলাম, সংগীতশিল্পী গাজী আবদুল হাকিম, অভিনয়শিল্পী আফসানা মিমিসহ সাংস্কৃতিক অঙ্গনের বিশিষ্টজনেরা।এরপর উত্তরা ৩ নম্বর সেক্টর জামে মসজিদে বাদ জোহর তৃতীয় ও শেষ জানাজা শেষে বনানী কবরস্থানে তার দাফন সম্পন্ন হয়।
গত রোববার (২৬ জুলাই) সন্ধ্যায় বাসায় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন মুস্তাফিজুর রহমান। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৪ বছর। বাংলাদেশ টেলিভিশনের সোনালি সময়ের অন্যতম রূপকার হিসেবে পরিচিত মুস্তাফিজুর রহমানের প্রযোজনায় নির্মিত হয়েছে কালজয়ী নাটক ‘এইসব দিনরাত্রি’, ‘সময়-অসময়’, ‘পারলে না রুমকি’ ও ‘শঙ্খনীল কারাগার’।
নির্মাতা হিসেবে তার অনন্য অবদানের পাশাপাশি বিটিভির মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন এবং বাংলাভিশন ও গাজী টিভির প্রতিষ্ঠায়ও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তিনি। তার নির্মাণশৈলী ও গল্প বলার ধরন বাংলা নাটককে নতুন মাত্রা দিয়েছিল।

















