বাঘারপাড়ায় ব্যবসায়ীর কাছে এক লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ

- আপডেট সময় : ১২:১৫:০৭ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
- / ৫৯৮ বার পড়া হয়েছে
যশোরের বাঘারপাড়া উপজেলার বন্দবিলা ইউনিয়নের রাঘবপুর গ্রামে এক ব্যবসায়ীর কাছে এক লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে পাঁচজনের বিরুদ্ধে মামলা হয়েছে। মামলার বাদী রাঘবপুর গ্রামের মো. কবির বিশ্বাস। তিনি পোল্ট্রি ও ব্যবসার পাশাপাশি কোয়েল পাখির খামার পরিচালনা করেন বলে মামলার অভিযোগে উল্লেখ করা হয়েছে।
মামলার নথি অনুযায়ী, গত ১৩ সেপ্টেম্বর রাত আনুমানিক ৮টার দিকে বাদীর বাড়ির পূর্ব পাশে সলিং রাস্তার ওপর আসামিরা তাকে একা পেয়ে এক লাখ টাকা চাঁদা দাবি করেন বলে অভিযোগ করা হয়েছে। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তাকে হত্যার পর লাশ গুম করে ফেলার হুমকি দেওয়ার অভিযোগও করা হয়েছে।
এ ছাড়া ১৫ সেপ্টেম্বর রাতেও একইভাবে চাঁদা দাবি করা হয় এবং টাকা দিতে অস্বীকৃতি জানালে আসামিরা বাদীকে কিল ঘুষি ও লাথি মেরে শরীরের বিভিন্ন স্থানে জখম করেন বলে মামলার আরজিতে অভিযোগ করা হয়েছে। পরে তাকে বাঘারপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয় বলে দাবি করা হয়েছে।
এ ঘটনায় স্থানীয়ভাবে আপস-মীমাংসার চেষ্টা ব্যর্থ হওয়ার পর আদালতে মামলা দায়ের করা হয়েছে বলে বাদী জানিয়েছেন। মামলায় মুন্তাজ, কবির, জাকির হোসেন নাল্টু, সাইদুল ও হুমায়ন মন্ডলসহ অজ্ঞাত আরও পাঁচ থেকে সাতজনকে আসামি করা হয়েছে। মামলাটি যশোরের বাঘারপাড়া আমলী আদালতে সি/আর ৪৯৮/২০২৬ নম্বরে ২০ সেপ্টেম্বর দায়ের করা হয়। মামলার পরবর্তী তারিখ ১৬ নভেম্বর নির্ধারণ করা হয়েছে এবং পিবিআইকে তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে বলে মামলার নথিতে উল্লেখ রয়েছে।
মামলায় দণ্ডবিধির ৩২৩ ও ৩৮৫ ধারায় অভিযোগ আনা হয়েছে। বাদীপক্ষে আইনজীবী হিসেবে রয়েছেন অ্যাডভোকেট অঞ্জনা রানী ধর। তবে আসামিদের বক্তব্য বা অভিযোগের বিষয়ে তাদের পক্ষের কোনো প্রতিক্রিয়া মামলার বর্ণনায় পাওয়া যায়নি। অভিযোগের সত্যতা তদন্তের পরই নিশ্চিত হওয়া যাবে।













