‘আন্ধার’-এর টিজারে ভয়ংকর হাত, কালোজাদু আর নীল চোখের রহস্য

- আপডেট সময় : ১১:২১:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬
- / ৫২৩ বার পড়া হয়েছে
ভয় সবসময় অন্ধকারে লুকিয়ে থাকে না। কখনো তা দেখা দেয় পরিচিত কোনো মুখে, নিঃশব্দ চাহনিতে কিংবা আয়নার ওপাশে দাঁড়িয়ে থাকা অচেনা ছায়ায়। এমনই রহস্য আর ভয়ের আবহ নিয়ে সামনে এসেছে নির্মাতা রায়হান রাফীর নতুন সিনেমা ‘আন্ধার’-এর টিজার। বৃহস্পতিবার সন্ধ্যা সাতটায় প্রকাশিত এক মিনিট ২৬ সেকেন্ডের টিজারে গল্পের চেয়ে বেশি গুরুত্ব পেয়েছে রহস্যময় আবহ ও অশুভ শক্তির ইঙ্গিত।
শুরুতেই আয়নার সামনে থাকা এক নারীর দিকে ধীরে ধীরে এগিয়ে আসে একটি ভয়ংকর হাত। এরপর দেখা যায় বাথটাবে পড়ে থাকা প্রাণহীন দেহ, রক্তমাখা হাত, অন্ধকার জঙ্গলে রহস্যময় অবয়ব এবং কালোজাদুর নানা আচার। গম্ভীর আবহসংগীতের সঙ্গে এসব দৃশ্য তৈরি করেছে ভীতিকর পরিবেশ। সিনেমাটিতে নাজিফা তুষিকে দেখা গেছে রহস্যময় এক নারীর চরিত্রে। কোনো অশুভ শক্তির নজরে পড়ার পর তার জীবন কীভাবে বদলে যায়, টিজারে মিলেছে তার আভাস। তবে তার চরিত্রের প্রকৃত পরিচয় কিংবা ঘটনার পেছনের রহস্য এখনো প্রকাশ করা হয়নি।
অন্যদিকে, সিয়াম আহমেদের উপস্থিতিও টিজারে আলাদা করে নজর কেড়েছে। কখনো তাকে দেখা গেছে লাশের সামনে চিন্তিত অবস্থায়, আবার কখনো অ্যাকশন দৃশ্যে। শেষদিকে তার জ্বলজ্বলে নীল চোখের ক্লোজআপ রহস্য আরও বাড়িয়ে দিয়েছে। চঞ্চল চৌধুরী ও গাজী রাকায়েতকেও দেখা গেছে টিজারে। তবে তাদের চরিত্র নিয়েও কোনো স্পষ্ট ধারণা দেওয়া হয়নি। ফলে কে নায়ক, কে খলনায়ক—নাকি গল্পে প্রচলিত এই বিভাজনই নেই, তা জানতে অপেক্ষা করতে হবে প্রেক্ষাগৃহে মুক্তি পর্যন্ত।
শাকিব চৌধুরী, বেজবাবা সুমন ও আদনান আদিব খানের গল্পে নির্মিত ‘আন্ধার’-এ অভিনয় করেছেন সিয়াম আহমেদ, নাজিফা তুষি, চঞ্চল চৌধুরী, মোস্তফা মনওয়ার, আফসানা মিমি, গাজী রাকায়েত, তানজিকা আমিনসহ আরও অনেকে। রায়হান রাফীর পরিচালনায় নির্মিত সিনেমাটি আগামী অক্টোবর মাসে বিশ্বজুড়ে প্রেক্ষাগৃহে মুক্তির কথা রয়েছে। টিজারে ছড়িয়ে দেওয়া রহস্য দর্শকদের কতটা প্রেক্ষাগৃহমুখী করতে পারে, এখন সেটিই দেখার বিষয়।

















