সেপ্টেম্বরের সংসদ অধিবেশনেই নতুন রাষ্ট্রপতি নির্বাচন: আইনমন্ত্রী
- আপডেট সময় : ০৪:৪০:৪৫ অপরাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬
- / ৫৪৫ বার পড়া হয়েছে
আগামী সেপ্টেম্বরে জাতীয় সংসদের নিয়মিত অধিবেশনেই দেশের নতুন রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হবে। এ জন্য আলাদা কোনো বিশেষ অধিবেশন ডাকার প্রয়োজন নেই বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান। শনিবার রাজধানীর সিরডাপ মিলনায়তনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি বলেন, সংবিধান অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যেই নিয়মিত সংসদ অধিবেশনে রাষ্ট্রপতি নির্বাচন সম্পন্ন হবে।
একই অনুষ্ঠানে সমসাময়িক বিভিন্ন আইনি ও রাজনৈতিক বিষয়েও কথা বলেন আইনমন্ত্রী। চট্টগ্রামের জুলাই আন্দোলনে আহত আটজনের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রসঙ্গে তিনি জানান, তদন্তে মামলা মিথ্যা প্রমাণিত হলে তা প্রত্যাহার করা হবে। এছাড়া ধর্ষণের মতো গুরুতর অভিযোগে রাজনৈতিক পরিচয়ের ভিত্তিতে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না বলেও স্পষ্ট জানান তিনি।
সীমান্ত পরিস্থিতি নিয়ে আইনমন্ত্রী বলেন, বর্তমানে সীমান্তে বিচারবহির্ভূত হত্যাকাণ্ড শূন্যের কোঠায় নেমে এসেছে।অন্যদিকে, সদ্য পদত্যাগ করা সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের বিরুদ্ধে সম্ভাব্য আইনি পদক্ষেপ নিয়ে এখনই কোনো মন্তব্য করতে রাজি হননি তিনি।
উল্লেখ্য, স্বাস্থ্যগত কারণ দেখিয়ে রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগ করেছেন মো. সাহাবুদ্দিন। সংবিধান অনুযায়ী, নতুন রাষ্ট্রপতি নির্বাচিত না হওয়া পর্যন্ত জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করছেন। আইন অনুযায়ী, রাষ্ট্রপতির পদ শূন্য হওয়ার ৯০ দিনের মধ্যেই সংসদ সদস্যদের ভোটে নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার বাধ্যবাধকতা রয়েছে।

















