জলাবদ্ধতা ও পানি দূষণ রোধে বিশেষজ্ঞদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক
- আপডেট সময় : ০৩:৪২:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ অগাস্ট ২০২৬
- / ৫২৭ বার পড়া হয়েছে
দেশে টেকসই উন্নয়ন, পরিবেশ সুরক্ষা এবং নাগরিকদের জন্য নিরাপদ ও কার্যকর পানি ব্যবস্থাপনা নিশ্চিত করতে বিশেষজ্ঞদের সহযোগিতার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের প্রধানমন্ত্রীর কার্যালয়ে পানি ব্যবস্থাপনার বিদ্যমান চ্যালেঞ্জ ও টেকসই সমাধান নিয়ে বিশেষজ্ঞদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ আশ্বাস দেন। প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব হাসান শিপলু জানান, সভায় দেশের খাল পুনরুদ্ধার, নদী ও বাঁধের স্থিতিশীলতা, নগর ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন, বর্জ্য পানি পরিশোধন এবং বৃষ্টির পানি ব্যবস্থাপনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
দ্রুত নগরায়ণের প্রেক্ষাপটে সমন্বিত ও কার্যকর নগর পরিকল্পনার প্রয়োজনীয়তার ওপরও গুরুত্ব দেওয়া হয়।সামাজিক উন্নয়নমূলক সংগঠন ফুটস্টেপস বাংলাদেশের নেতৃত্বে পরিবেশ, পানি ও প্রকৌশল খাতের বিশেষজ্ঞ এবং সংশ্লিষ্ট কয়েকটি প্রতিষ্ঠানের প্রতিনিধিরা সভায় অংশ নেন। তারা দেশের পানি ব্যবস্থাপনার বিভিন্ন সমস্যা, বিদ্যমান সীমাবদ্ধতা এবং সম্ভাব্য সমাধান নিয়ে নিজেদের অভিজ্ঞতা ও সুপারিশ তুলে ধরেন।
বিশেষজ্ঞরা পানি ব্যবস্থাপনায় দীর্ঘমেয়াদি ও মধ্যমেয়াদি পরিকল্পনা গ্রহণ, আধুনিক প্রযুক্তির ব্যবহার, সংশ্লিষ্ট সংস্থাগুলোর মধ্যে সমন্বয় বৃদ্ধি এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব বিবেচনায় রেখে কার্যকর পদক্ষেপ নেওয়ার সুপারিশ করেন। বিশেষজ্ঞদের বক্তব্য শোনার পর প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের টেকসই উন্নয়ন, পরিবেশ সুরক্ষা এবং নাগরিকদের জন্য নিরাপদ ও কার্যকর পানি ব্যবস্থাপনা নিশ্চিত করতে সরকারের পক্ষ থেকে সহযোগিতার আশ্বাস দেন।
সভায় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার এবং বিএনপির জাতীয় নির্বাহী কমিটির বিশেষ সম্পাদক বেলায়েত হোসেনসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। পানি ব্যবস্থাপনার দীর্ঘদিনের সমস্যা সমাধানে সমন্বিত উদ্যোগ ও আধুনিক প্রযুক্তির ব্যবহার নিশ্চিত করা গেলে নগর ও গ্রামীণ উভয় এলাকায় জলাবদ্ধতা, দূষণ এবং পানি ব্যবস্থাপনার বিভিন্ন সংকট মোকাবিলায় কার্যকর অগ্রগতি সম্ভব হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

















