মাগুরায় ১২ হাজার মিটার নিষিদ্ধ জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস
- আপডেট সময় : ১২:৫৮:৩০ পূর্বাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬
- / ৫১৬ বার পড়া হয়েছে
মাগুরা সদর উপজেলার কুচিয়ামোড়া ইউনিয়নের কুল্লিয়া বাজার ও বুরাইল বিলে নিষিদ্ধ চায়না দুয়াড়ি ও কারেন্ট জালের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। শনিবার মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন অনুযায়ী পরিচালিত অভিযানে বিপুল পরিমাণ নিষিদ্ধ জাল জব্দ করা হয়।
অভিযানে কুল্লিয়া বাজার এলাকায় অপূর্ব রায়ের বাড়ি ও দোকান থেকে ১৩৫ পিস চায়না দুয়াড়ি জাল জব্দ করা হয়। যার আনুমানিক দৈর্ঘ্য ১০ হাজার মিটার। এ সময় তাকে ১০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়। পরে বুরাইল বিলেও অভিযান পরিচালনা করা হয়। সব মিলিয়ে অভিযানে আনুমানিক ১২ হাজার মিটার চায়না দুয়াড়ি ও কারেন্ট জাল জব্দ করা হয়। জব্দ করা এসব জালের আনুমানিক বাজারমূল্য প্রায় ৬ লাখ টাকা।
পরে জব্দ করা নিষিদ্ধ জাল ঘটনাস্থলেই পুড়িয়ে ধ্বংস করা হয়। অভিযানে নেতৃত্ব দেন মাগুরা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেরুন্নাহার। এ সময় উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা ও পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।
সংশ্লিষ্টরা জানান, নিষিদ্ধ জাল ব্যবহারের কারণে মাছের প্রজনন ও জলজ জীববৈচিত্র্য মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। তাই মৎস্যসম্পদ রক্ষায় এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হবে। মাগুরা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জানিয়েছেন, জনস্বার্থে নিষিদ্ধ জালের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।















