কাতারে হামলার কথা দম্ভভরে স্বীকার নেতানিয়াহুর

- আপডেট সময় : ০৮:৪৩:৫১ অপরাহ্ন, রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬
- / ৫৩৫ বার পড়া হয়েছে
কাতারে হামলা ও বোমা হামলা চালানোর কথা প্রকাশ্যে স্বীকার করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। সম্প্রতি ইসরায়েলি সংবাদমাধ্যম আই২৪ নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, গাজা যুদ্ধের সময় কাতারের ওপর হামলা চালিয়েছে ইসরায়েল।
সাক্ষাৎকারে নেতানিয়াহু বলেন, ‘আমি কাতারে হামলা করেছি, বোমা হামলাও চালিয়েছি। যুদ্ধের সময় তাদের ওপর হামলা করেছি। আর তারাও আমার ওপর হামলা করেছে।’ শনিবার নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে ওই সাক্ষাৎকারের ভিডিও প্রকাশ করেন নেতানিয়াহু। সেখানে কাতারকে ‘শত্রুভাবাপন্ন’ রাষ্ট্র হিসেবে উল্লেখ করেন তিনি। একই সঙ্গে দাবি করেন, গাজায় ইসরায়েলি বাহিনীর অভিযান পরিচালনার ক্ষেত্রে কাতার কোনো ধরনের প্রভাব ফেলতে পারেনি।
গাজা যুদ্ধের অবসানে কাতার দীর্ঘদিন ধরে মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করে আসছে। ২০১২ সাল থেকে দেশটিতে হামাসের রাজনৈতিক কার্যালয়ও রয়েছে। কাতারের দাবি, যুক্তরাষ্ট্রের অনুরোধেই হামাসকে রাজনৈতিক কার্যালয় পরিচালনার সুযোগ দেওয়া হয়েছিল। এর আগে ২০২৫ সালের ৯ সেপ্টেম্বর কাতারের রাজধানী দোহায় হামাসের শীর্ষ নেতাদের লক্ষ্য করে বিমান হামলা চালায় ইসরায়েল। হামলায় হামাসের পাঁচ নেতা নিহত হন। একই ঘটনায় কাতারের একজন নিরাপত্তাকর্মীও নিহত হন।
যুদ্ধবিরতি নিয়ে আলোচনার জন্য হামাসের নেতারা যখন দোহায় বৈঠকে বসেছিলেন, তখনই তাদের লক্ষ্য করে হামলা চালানো হয়। ঘটনার পর হামলার তীব্র নিন্দা জানায় কাতার। দেশটির পক্ষ থেকে এটিকে আন্তর্জাতিক আইন ও কাতারের সার্বভৌমত্বের লঙ্ঘন হিসেবে আখ্যা দেওয়া হয়। ইরান, পাকিস্তানসহ বিভিন্ন দেশ ওই হামলার নিন্দা জানায়। সংহতি প্রকাশ করতে জর্ডান, সংযুক্ত আরব আমিরাত ও সৌদি আরবের নেতারাও কাতার সফর করেন।
জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসও ওই হামলাকে কাতারের সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতার স্পষ্ট লঙ্ঘন বলে মন্তব্য করেন। কাতারে ইসরায়েলি হামলার প্রথম বার্ষিকীর কয়েক দিন আগে নেতানিয়াহুর এই বক্তব্য প্রকাশ্যে আসায় ঘটনাটি নতুন করে আলোচনায় এসেছে।
















