ক্রীড়ায় বিকশিত হোক তরণ্য
মাগুরায় ৫৩তম জাতীয় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

- আপডেট সময় : ০৯:৩০:১০ অপরাহ্ন, সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬
- / ৫৬৬ বার পড়া হয়েছে
‘ক্রীড়ায় বিকশিত হোক তারুণ্য’—এই স্লোগানকে সামনে রেখে মাগুরায় অনুষ্ঠিত হয়েছে ৫৩তম জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা ২০২৬।
সোমবার মাগুরা জাতীয় স্টেডিয়ামে দিনব্যাপী এই ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হয়। প্রতিযোগিতায় জেলার বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়, মাদ্রাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেয়। বিভিন্ন ইভেন্টে নিজেদের দক্ষতা ও ক্রীড়া নৈপুণ্য তুলে ধরেন শিক্ষার্থীরা।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরার জেলা প্রশাসক মোতাকাব্বির হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাগুরা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেরুন নাহার।
প্রতিযোগিতাকে ঘিরে শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের মধ্যে ছিল উৎসবমুখর পরিবেশ। শিক্ষার্থীদের লেখাপড়ার পাশাপাশি খেলাধুলায় সম্পৃক্ত করার মাধ্যমে শারীরিক ও মানসিক বিকাশ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন আয়োজকরা। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার ও ট্রফি তুলে দেন অনুষ্ঠানের সভাপতি এবং মাগুরা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেরুন নাহার।
এ সময় জেলার বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, মাদ্রাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকরা উপস্থিত ছিলেন। আয়োজকরা বলেন, শিক্ষার্থীদের মেধা বিকাশের পাশাপাশি নেতৃত্বের গুণাবলি, শৃঙ্খলা ও পারস্পরিক সহযোগিতার মনোভাব গড়ে তুলতে খেলাধুলার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।
৫৩তম জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা সফলভাবে আয়োজন করায় জেলা প্রশাসন, শিক্ষা বিভাগ, শিক্ষক, শিক্ষার্থীসহ সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানানো হয়। খেলাধুলার মাধ্যমে শিক্ষার্থীদের সুস্থ ও সুন্দর ভবিষ্যৎ গড়ে উঠবে—এমন প্রত্যাশা আয়োজকদের।













