মাগুরায় ১০০ প্রান্তিক কৃষকের হাতে এয়ার ফ্লো মেশিন

- আপডেট সময় : ১০:১২:১৫ পূর্বাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
- / ৫৪৮ বার পড়া হয়েছে
মাগুরা সদর উপজেলায় পেঁয়াজ চাষিদের সংরক্ষণ সুবিধা বাড়াতে ১০০টি এয়ার ফ্লো মেশিন বিতরণ করা হয়েছে। একই সঙ্গে ডেঙ্গু প্রতিরোধে উপজেলার ১৩টি ইউনিয়নে বিতরণ করা হয়েছে ১৩টি মশা নিধন ফগার মেশিন। রোববার ১৩ সেপ্টেম্বর মাগুরা সদর উপজেলা চত্বরে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় এসব এয়ার ফ্লো মেশিন বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য মো. মনোয়ার হোসেন খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামারবাড়ি মাগুরার উপপরিচালক মো. আজম উদ্দিন, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আক্তার হোসেন এবং প্রেসক্লাব মাগুরার সভাপতি অধ্যাপক মো. সাইদুর রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাগুরা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেরুন নাহার। অনুষ্ঠান পরিচালনা করেন মাগুরা সদর উপজেলা কৃষি কর্মকর্তা নুরুন্নবী।
অনুষ্ঠান শেষে প্রধান অতিথি নিজ হাতে উপজেলার ১৩টি ইউনিয়নের ১০০ জন প্রান্তিক পেঁয়াজ চাষির মধ্যে এয়ার ফ্লো মেশিন বিতরণ করেন। এসব মেশিনের মাধ্যমে পেঁয়াজ সংরক্ষণে কৃষকদের ক্ষয়ক্ষতি কমবে এবং উৎপাদিত ফসল দীর্ঘ সময় ভালো রাখার সুযোগ তৈরি হবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন। এদিকে ডেঙ্গু প্রতিরোধে উপজেলার ১৩টি ইউনিয়নে একটি করে মোট ১৩টি ফগার মেশিন বিতরণ করা হয়। সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও প্রশাসনিক প্রতিনিধিদের হাতে এসব মেশিন তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে সংসদ সদস্য মো. মনোয়ার হোসেন খান বলেন সরকারের ৩১ দফা অনুযায়ী কৃষকের সব সমস্যা সমাধানে কাজ করা হচ্ছে। কৃষকের উন্নয়নকে অগ্রাধিকার দিয়ে সরকার বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করছে বলেও উল্লেখ করেন তিনি। তিনি বলেন ৬৮ হাজার গ্রাম বাঁচলে কৃষক বাঁচবে আর কৃষক বাঁচলে বাংলাদেশ বাঁচবে। তাই কৃষকের স্বার্থ রক্ষা ও তাদের জীবনমান উন্নয়নে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।













