২০২৭ থেকে দ্বিতীয় থেকে নবম শ্রেণিতে ভর্তি পরীক্ষা

- আপডেট সময় : ১২:১০:১৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬
- / ৫৫২ বার পড়া হয়েছে
২০২৭ শিক্ষাবর্ষ থেকে স্কুলে ভর্তি প্রক্রিয়ায় আসছে বড় পরিবর্তন। প্রথম শ্রেণি ছাড়া দ্বিতীয় থেকে নবম শ্রেণিতে ভর্তি পরীক্ষা নেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর মাউশির কর্মকর্তারা জানিয়েছেন আগামী ১৭ ডিসেম্বরের পর যে কোনো দিন ভর্তি পরীক্ষা নেওয়ার প্রস্তাব করা হতে পারে।
এরই মধ্যে ভর্তি পরীক্ষা আয়োজনের জন্য একটি খসড়া নীতিমালা তৈরি করেছে মাউশি। আগামী নভেম্বরের মধ্যে দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর শূন্য আসনের তথ্য সংগ্রহ করা হবে। এরপর প্রকাশ করা হবে শিক্ষার্থী ভর্তির বিজ্ঞপ্তি। খসড়া নীতিমালা অনুযায়ী প্রথম শ্রেণিতে আগের মতোই লটারির মাধ্যমে শিক্ষার্থী ভর্তি করা হবে। তবে দ্বিতীয় থেকে পঞ্চম শ্রেণিতে ভর্তির জন্য নেওয়া হবে ৫০ নম্বরের পরীক্ষা। পরীক্ষার সময় থাকবে এক ঘণ্টা।
এ পরীক্ষায় বাংলায় ১৫ নম্বর ইংরেজিতে ১৫ নম্বর এবং গণিতে ২০ নম্বর থাকবে। অন্যদিকে ষষ্ঠ থেকে নবম শ্রেণিতে ভর্তির জন্য নেওয়া হবে ১০০ নম্বরের পরীক্ষা। এ পরীক্ষার সময় নির্ধারণ করা হয়েছে দুই ঘণ্টা। এ ক্ষেত্রে বাংলায় ৩০ নম্বর ইংরেজিতে ৩০ নম্বর এবং গণিতে থাকবে ৪০ নম্বর।
মাউশির কর্মকর্তারা জানিয়েছেন ভর্তি পরীক্ষার সম্ভাব্য তারিখ নির্ধারণ করে শিক্ষা মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠানো হবে। মন্ত্রণালয়ের অনুমোদনের পরই চূড়ান্তভাবে ভর্তি নীতিমালা জারি করা হবে। মাউশির মহাপরিচালক অধ্যাপক ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেল জানিয়েছেন মাউশি থেকে শিগগিরই প্রস্তাবনা শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হবে। মন্ত্রণালয় অনুমোদন দিলে নতুন ভর্তি নীতিমালা কার্যকর হবে।

















