হৃদরোগে মারা গেলেন নির্মাতা মারুফ হোসেন সজীব

- আপডেট সময় : ১২:৩৯:৫২ পূর্বাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
- / ৫৪২ বার পড়া হয়েছে
তরুণ নাট্যকার ও পরিচালক মারুফ হোসেন সজীব আর নেই। মঙ্গলবার ভোর ৫টার দিকে ইন্তেকাল করেন তিনি। তার মৃত্যুতে নাট্যাঙ্গনে নেমে এসেছে শোকের ছায়া।
সজীবের মৃত্যুর খবর সামাজিক যোগাযোগমাধ্যমে জানিয়ে শোক প্রকাশ করেছেন অভিনেত্রী মেহজাবিন চৌধুরী। সজীবের সঙ্গে কাজের স্মৃতি তুলে ধরে তার পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন তিনি। পাশাপাশি সবার কাছে সজীবের জন্য দোয়া চেয়েছেন এই অভিনেত্রী।
নির্মাতা আশিকুর রহমান জানিয়েছেন, হৃদরোগের সমস্যায় ভুগছিলেন মারুফ হোসেন সজীব। কিছুদিন আগে চিকিৎসা নিয়ে সুস্থও হয়েছিলেন তিনি। তবে মঙ্গলবার ভোরে তার মৃত্যু হয়। বাদ জোহর জানাজা শেষে রাজধানীর উত্তরার ১২ নম্বর সেক্টর কবরস্থানে তাকে দাফন করা হবে।
নিজের গল্প ও নির্মাণশৈলীর মাধ্যমে নাট্যাঙ্গনে আলাদা পরিচিতি তৈরি করেছিলেন সজীব। গল্প লেখার পাশাপাশি নিজেই নাটক নির্মাণ করতেন তিনি। তার উল্লেখযোগ্য কাজের মধ্যে রয়েছে ‘বিলোপ’, ‘বাবুই পাখির বাসা’, ‘রঙিন কাগজ’, ‘আধার’, ‘সিকিউরিটি গার্ল’, ‘জলকৌড়ি’, ‘মেঘলা’ ও ‘নুসাইবা’।
তরুণ এই নির্মাতার অকাল মৃত্যুতে সহকর্মী ও ভক্তদের মধ্যে নেমে এসেছে শোকের আবহ। তার মৃত্যুতে শোক জানিয়েছেন নাট্যাঙ্গনের অনেকেই। স্বল্প সময়ে নিজের কাজের মাধ্যমে যে পরিচিতি তৈরি করেছিলেন মারুফ হোসেন সজীব, তার অকালপ্রয়াণে সেই পথচলার ইতি হলো আকস্মিকভাবেই।

















