যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রকে যে শর্ত দিল ইরান

- আপডেট সময় : ০১:৪৩:১৯ পূর্বাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
- / ৫৩৩ বার পড়া হয়েছে
যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রের কাছে নিজেদের তিনটি শর্ত জানিয়েছে ইরান। মধ্যস্থতাকারী দেশ কাতার ও পাকিস্তানের মাধ্যমে এসব শর্ত মার্কিন সরকারের কাছে পৌঁছে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সেক্রেটারি মোহসেন রেজাই। শনিবার সংবাদমাধ্যম আলজাজিরাকে দেওয়া বক্তব্যে মোহসেন রেজাই জানান, ইরানের শর্তের মধ্যে রয়েছে লেবানন ইরান ও ফিলিস্তিনসহ সব ফ্রন্টে যুদ্ধ বন্ধ করা। একই সঙ্গে ইরানের জব্দ করা অর্থ ছাড় এবং নৌ-অবরোধ তুলে নেওয়ার দাবিও জানিয়েছে তেহরান।
ইরানের এই কর্মকর্তা জানান, তাদের শর্তগুলো কাতারের মাধ্যমে যুক্তরাষ্ট্রের কাছে পাঠানো হয়েছে। এখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উত্তরের অপেক্ষায় রয়েছে তেহরান। মোহসেন রেজাই বলেন, ইরানের দেওয়া শর্ত মেনে নেওয়ার দায়িত্ব যুক্তরাষ্ট্রের। তিনি দাবি করেন, ইরান সম্পর্কে প্রেসিডেন্ট ট্রাম্প ভুল হিসাব করেছেন এবং মার্কিন হুমকিতে তেহরানের অবস্থান পরিবর্তন হবে না।
ইরানের এই প্রভাবশালী রাজনীতিক আরও দাবি করেন, যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে নির্ণায়ক যুদ্ধের জন্য তারা প্রস্তুত ছিলেন এবং মার্কিন সামরিক বাহিনীর দুর্বলতা সম্পর্কে তারা অবগত ছিলেন। তার ভাষ্য অনুযায়ী, এ কারণেই ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র সফল হতে পারেনি। মোহসেন রেজাই বলেন, যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে লড়াইয়ের জন্য ইরান আগের চেয়েও বেশি প্রস্তুত। তবে যুদ্ধ বন্ধে ইরানের শর্ত নিয়ে এখন পর্যন্ত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আনুষ্ঠানিক প্রতিক্রিয়া প্রকাশ্যে আসেনি।
















