২৪ সেপ্টেম্বর জাতিসংঘে প্রথম ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- আপডেট সময় : ০৩:৫৬:৪১ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬
- / ৫২৬ বার পড়া হয়েছে
প্রধানমন্ত্রী হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে ভাষণ দিতে আগামী ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ২৪ সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে বাংলাদেশের পক্ষে ভাষণ দেবেন তিনি।
প্রধানমন্ত্রীর দপ্তর সূত্র জানিয়েছে, দায়িত্ব গ্রহণের পর এটিই হবে তারেক রহমানের প্রথম নিউইয়র্ক সফর। সফরকালে তিনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে অংশ নেবেন। পাশাপাশি প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে মতবিনিময় করবেন এবং বিভিন্ন দেশের সরকারপ্রধানদের সঙ্গে একাধিক সাইডলাইন বৈঠক করবেন।
সূত্র আরও জানায়, প্রধানমন্ত্রীর সফর হবে সংক্ষিপ্ত। তিনি চার থেকে পাঁচ দিন নিউইয়র্কে অবস্থান করবেন এবং ২৫ অথবা ২৬ সেপ্টেম্বর দেশে ফিরবেন। সফরসঙ্গীর সংখ্যা ৩৫ জনের মধ্যে সীমাবদ্ধ রাখা হবে।
এবারের জাতিসংঘ অধিবেশন বাংলাদেশের জন্য বিশেষ তাৎপর্যপূর্ণ। কারণ, ৮১তম সাধারণ পরিষদের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। তার নেতৃত্বে এবারের অধিবেশনে শান্তি ও নিরাপত্তা, টেকসই উন্নয়ন, জলবায়ু পরিবর্তন, মানবাধিকার, কৃত্রিম বুদ্ধিমত্তার সুশাসন এবং জাতিসংঘ সংস্কারসহ ছয়টি অগ্রাধিকারমূলক বিষয় গুরুত্ব পাবে।
২২ সেপ্টেম্বর থেকে শুরু হবে উচ্চপর্যায়ের সাধারণ বিতর্ক, যেখানে বিশ্বের রাষ্ট্র ও সরকারপ্রধানরা বৈশ্বিক বিভিন্ন সংকট ও করণীয় নিয়ে বক্তব্য রাখবেন।

















