আশীষ ব্যানার্জির মৃত্যুতে শোক মমতার
- আপডেট সময় : ১২:০৫:২৪ পূর্বাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬
- / ৫১৭ বার পড়া হয়েছে
পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেসের প্রবীণ নেতা, সাবেক মন্ত্রী ও বিধানসভার সাবেক ডেপুটি স্পিকার আশীষ ব্যানার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। রোববার বীরভূমের রামপুরহাট এলাকায় একটি তৃণমূল কার্যালয় থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। কার্যালয়টি তার বাড়ির কাছেই অবস্থিত।
ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, পাঁচবার পশ্চিমবঙ্গ বিধানসভার সদস্য নির্বাচিত হয়েছিলেন আশীষ ব্যানার্জি। তৃণমূল কংগ্রেস সরকার গঠনের পর তাকে বিভিন্ন দপ্তরের মন্ত্রীর দায়িত্বও দিয়েছিলেন সাবেক মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। তার মৃত্যুর ঘটনায় পশ্চিমবঙ্গের রাজনৈতিক অঙ্গনে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা ব্যানার্জি দাবি করেছেন, বিধানসভা নির্বাচনের পর দলীয় নেতাকর্মীদের হুমকি ও মানসিক নির্যাতনের কারণে আশীষ ব্যানার্জি চরম মানসিক চাপে ছিলেন।
তবে তার মরদেহের পাশ থেকে উদ্ধার করা সুইসাইড নোটে মৃত্যুর জন্য কাউকে দায়ী করা হয়নি বলে জানা গেছে। তার মৃত্যুর প্রকৃত কারণ জানতে পুলিশ তদন্ত শুরু করেছে। আশীষ ব্যানার্জির মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন মমতা ব্যানার্জি। তিনি বলেন, আশীষ ব্যানার্জি জীবনের বড় একটি সময় শিক্ষকতা ও মানুষের সেবায় কাটিয়েছেন। রামপুরহাট ও বীরভূমের সাধারণ মানুষের সঙ্গে তার গভীর সম্পর্ক ছিল।
মমতা আরও বলেন, পাঁচবারের বিধায়ক, সাবেক ডেপুটি স্পিকার ও চেয়ারম্যান হিসেবে আশীষ ব্যানার্জি রামপুরহাটের উন্নয়ন এবং সাধারণ মানুষের জন্য দীর্ঘদিন কাজ করেছেন। কিন্তু জীবনের শেষ সময়ে তাকে মানসিক চাপ, অপবাদ ও হেনস্তার মধ্য দিয়ে যেতে হয়েছে বলে দাবি করেন তিনি। তৃণমূল নেত্রীর ভাষ্য, দীর্ঘদিন জনসেবা করার পর একজন প্রবীণ রাজনীতিককে যেভাবে মানসিক যন্ত্রণার মধ্যে পড়তে হয়েছে, তা রাজনৈতিক প্রতিহিংসার ভয়াবহ দিক নিয়ে প্রশ্ন তুলছে।
আশীষ ব্যানার্জির মৃত্যুতে তার পরিবার, সাবেক শিক্ষার্থী, রাজনৈতিক সহকর্মী ও অসংখ্য শুভাকাঙ্ক্ষীর প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন মমতা ব্যানার্জি।
















