গ্রেফতার রেজাউল
৫০ হাজার টাকায় ককটেল বিস্ফোরণ

- আপডেট সময় : ১১:৫৩:০৫ অপরাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
- / ৫১৪ বার পড়া হয়েছে
রাজধানীর ধানমন্ডিতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার কার্যালয়ের বিপরীতে দুটি ককটেল বিস্ফোরণের ঘটনায় রেজাউল ইসলাম নামে ২৩ বছর বয়সী এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার দিনগত রাত সাড়ে ১২টার দিকে বিস্ফোরণ ঘটিয়ে পালানোর সময় তাকে গ্রেফতার করা হয়। পুলিশের দাবি, অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি ৫০ হাজার টাকার বিনিময়ে তদন্ত সংস্থার কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ ঘটানোর জন্য রেজাউলকে ভাড়া করেছিলেন।
বুধবার ঢাকা মহানগর পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. আকতার হোসেন এসব তথ্য জানান। ধানমন্ডি থানার বরাত দিয়ে তিনি জানান, মঙ্গলবার দিনগত রাত ১২টা ২৬ মিনিটের দিকে ধানমন্ডি ১১/এ নম্বর সড়কের একটি বাসার সামনে পাকা রাস্তায় দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। বিস্ফোরণের পর গলির ভেতর দিয়ে পালানোর চেষ্টা করলে পুলিশ রেজাউলকে গ্রেফতার করে।
পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে রেজাউল জানিয়েছেন, আনুমানিক ১০ থেকে ১২ দিন আগে নিউমার্কেট এলাকার একটি চায়ের দোকানে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি তার সঙ্গে যোগাযোগ করেন। ওই ব্যক্তি তাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার সামনে ককটেল বিস্ফোরণ ঘটানোর প্রস্তাব দেন।
পুলিশের দাবি, ওই কাজের বিনিময়ে রেজাউলকে ৫০ হাজার টাকা দেওয়ার কথা বলা হয়েছিল। পরিকল্পনার অংশ হিসেবে গত ২৮ সেপ্টেম্বর ঘটনাস্থল রেকি করেন তিনি। এরপর মঙ্গলবার মধ্যরাতে ঘটনাস্থলে গিয়ে দুটি ককটেল বিস্ফোরণ ঘটান রেজাউল। বিস্ফোরণের পর গলির ভেতর দিয়ে পালানোর সময় পুলিশ তাকে আটক করে।
তবে বিস্ফোরণে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ঘটনাস্থল থেকে বিস্ফোরিত ককটেলের অংশবিশেষ উদ্ধার করেছে ধানমন্ডি মডেল থানা পুলিশ। এ ঘটনায় গ্রেফতার রেজাউল ইসলামের বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ। পাশাপাশি ককটেল বিস্ফোরণের নেপথ্যে থাকা ব্যক্তিকে শনাক্ত এবং ঘটনার সঙ্গে আর কেউ জড়িত কি না তা খতিয়ে দেখছে পুলিশ।













