গ্রেপ্তার বা মৃত্যুঝুঁকি জেনেও দেশে ফিরতে চান শেখ হাসিনা
- আপডেট সময় : ১০:৩৬:৫১ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬
- / ৫৫০ বার পড়া হয়েছে
ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, গ্রেপ্তার, কারাবন্দি হওয়া কিংবা হত্যার ঝুঁকি সম্পর্কে তিনি সম্পূর্ণ সচেতন। তবুও আগামী ডিসেম্বরের মধ্যেই বাংলাদেশে ফিরতে চান বলে জানিয়েছেন তিনি।
বার্তা সংস্থা এএফপিকে ই-মেইলে দেওয়া এক সাক্ষাৎকারে ৭৮ বছর বয়সী শেখ হাসিনা বলেন, “আমাকে হত্যা করা হতে পারে, আমাকে গ্রেপ্তার করা হতে পারে, আমাকে কারাগারেও পাঠানো হতে পারে। আমি আমার পরিণতি সম্পর্কে পুরোপুরি সচেতন। তারপরও দেশে ফিরতে চাই, কারণ আমার দেশের মানুষ আমাকে ডাকছে।”
তিনি জানান, বর্তমানে ভারতের একটি গোপন স্থানে অবস্থান করছেন এবং দেশে ফেরার বিষয়ে ভারতের পক্ষ থেকে তার ওপর কোনো চাপ নেই। তার দাবি, বাংলাদেশ সরকারের প্রত্যর্পণ অনুরোধের সঙ্গে দেশে ফেরার সিদ্ধান্তের কোনো সম্পর্ক নেই।
মানবাধিকার লঙ্ঘন, রাজনৈতিক দমন-পীড়ন এবং ২০২৪ সালের ছাত্র আন্দোলনে অতিরিক্ত বলপ্রয়োগের অভিযোগও প্রত্যাখ্যান করেছেন শেখ হাসিনা। তার ভাষ্য, এসব অভিযোগের অনেকগুলোই রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত এবং তার সরকার সংকট মোকাবিলায় সর্বোচ্চ ধৈর্য দেখিয়েছিল। ছাত্র আন্দোলন প্রসঙ্গে তিনি দাবি করেন, এটি শুধু সাধারণ ছাত্র আন্দোলন ছিল না; বরং পরিকল্পিত সহিংসতা, অপপ্রচার এবং সরকার উৎখাতের উদ্দেশ্যে পরিচালিত একটি সংগঠিত অভিযান।
আওয়ামী লীগের ভবিষ্যৎ রাজনৈতিক ভূমিকা নিয়ে সরাসরি মন্তব্য না করে শেখ হাসিনা বলেন, “ক্ষমতা আমার লক্ষ্য নয়। মানুষের সেবা করাই আমার উদ্দেশ্য।” আন্দোলনে নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে তিনি বলেন, প্রতিটি পরিবারের প্রতি তার সহানুভূতি রয়েছে। তবে সে সময় সরকারের নেওয়া সিদ্ধান্ত নিয়ে আনুষ্ঠানিকভাবে দুঃখ প্রকাশ বা ক্ষমা চাননি।

















