আবারও পর্দায় ফিরছে সাদনিমার আলোচিত ‘ঈরা’, আসছে ‘ঈরার পদ্ম-২’
- আপডেট সময় : ১০:০৮:২৭ অপরাহ্ন, শনিবার, ১ অগাস্ট ২০২৬
- / ৫২২ বার পড়া হয়েছে
স্বল্প সময়ের অভিনয় ক্যারিয়ারেই দর্শকের নজর কেড়েছেন অভিনেত্রী সাদনিমা। বিশেষ করে ‘ঈরার পদ্ম’ নাটকের ‘ঈরা’ চরিত্রটি দর্শকদের মাঝে আলাদা জনপ্রিয়তা পায়। এবার সেই আলোচিত চরিত্র নিয়েই পর্দায় ফিরছেন তিনি।
নির্মাতা পথিক সাধনের পরিচালনায় নির্মিত হয়েছে ‘ঈরার পদ্ম-২’। স্যামুয়েলের উপন্যাস অবলম্বনে নাটকটির চিত্রনাট্য লিখেছেন স্যামুয়েল, পথিক সাধন ও মারুফ হোসেন সজিব। নতুন এই নাটকেও পদ্ম চরিত্রে থাকছেন খায়রুল বাসার। পাশাপাশি অভিনয় করেছেন ফারুক আহমেদ, সমু চৌধুরী, আশীষ খন্দকার, কচি খন্দকার, আল মামুন, নওশীন ইসলাম দিশা ও মিতু সুলতানাসহ আরও অনেকে।
ঈরা চরিত্রে আবার অভিনয় প্রসঙ্গে সাদনিমা বলেন, কিছু চরিত্র দর্শকের মনে এমনভাবে ছাপ ফেলে, যেগুলো সহজে ভোলা যায় না। ঈরাও তেমনই একটি চরিত্র। চরিত্রটির জীবনযাপন ও রহস্য দর্শকের মনে নানা প্রশ্ন তৈরি করেছে। সেই কারণেই ‘ঈরার পদ্ম’-এর সিকুয়েল নিয়ে দর্শকের আগ্রহ তৈরি হয়েছে বলে মনে করেন তিনি। সাদনিমা আরও জানান, প্রিয় একটি চরিত্রে আবার অভিনয়ের সুযোগ পাওয়ায় তার মধ্যে অন্যরকম ভালো লাগা কাজ করছে। দর্শকেরও নাটকটি ভালো লাগবে বলে আশাবাদী তিনি।
এদিকে খায়রুল বাসার ও সাদনিমা জুটি এর আগেও বেশ কয়েকটি নাটকে দর্শকের প্রশংসা পেয়েছে। ‘গোল্ডফিশ’, ‘কাছের কেউ’, ‘গন্তব্যের খোঁজে’, ‘জ্বীন ও পরীর সংসার’, ‘তুমি আমার’, ‘গল্পটা থেকে যায়’, ‘ঈরার পদ্ম’ ও ‘মনডুবি’সহ বেশ কিছু নাটকে দেখা গেছে এই জুটিকে। নির্মাতা জানিয়েছেন, শিগগিরই জি-সিরিজের ইউটিউব চ্যানেলে দর্শকদের জন্য উন্মুক্ত করা হবে ‘ঈরার পদ্ম-২’।

















