র্যাবের ‘আয়নাঘর’ পরিদর্শনে ট্রাইব্যুনালের তিন বিচারক
- আপডেট সময় : ০৮:১০:৩৮ অপরাহ্ন, শনিবার, ১ অগাস্ট ২০২৬
- / ৫১৯ বার পড়া হয়েছে
র্যাবের টাস্কফোর্স ফর ইন্টারোগেশন বা টিএফআই সেল, যেটি ‘আয়নাঘর’ নামে পরিচিত, পরিদর্শন করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এর তিন বিচারকসহ প্রসিকিউশন টিম। শনিবার বেলা ১১টার দিকে রাজধানীর উত্তরায় র্যাব-১ সদর দপ্তরে থাকা কথিত এই গোপন বন্দিশালা পরিদর্শন করেন তারা।
পরিদর্শনকারী দলে ছিলেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদার, সদস্য বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ এবং বিচারক মো. মোহিতুল হক এনাম চৌধুরী। এ ছাড়া চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম, প্রসিকিউটর মিজানুল ইসলাম, গাজী এমএইচ তামিম, ফারুক আহাম্মদ, শাইখ মাহদী, সহিদুল ইসলাম সরদার ও তাসমিরুল ইসলামসহ প্রসিকিউশন টিমের সদস্য এবং আসামিপক্ষের আইনজীবীরাও পরিদর্শনে অংশ নেন।
এর আগে গত ২১ জুলাই প্রসিকিউশনের আবেদনের পরিপ্রেক্ষিতে র্যাব, ডিজিএফআই ও ডিবির কথিত গোপন বন্দিশালা পরিদর্শনের সিদ্ধান্ত নেয় ট্রাইব্যুনাল-১। ওই দিন চিফ প্রসিকিউটর এসব বন্দিশালা পরিদর্শনের আবেদন করেন। আবেদনে আওয়ামী লীগের দীর্ঘ শাসনামলে বিরোধী মতাদর্শের ব্যক্তিদের তুলে নিয়ে গোপন বন্দিশালায় আটকে রাখা, নির্যাতন ও গুমের অভিযোগের বিষয়টি তুলে ধরা হয়।
ট্রাইব্যুনালের পক্ষ থেকে এসব অভিযোগের প্রেক্ষাপট ও সংশ্লিষ্ট স্থান সম্পর্কে তথ্য সংগ্রহের অংশ হিসেবেই পরিদর্শনের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল বলে সংশ্লিষ্টরা জানান। পরিদর্শনে ট্রাইব্যুনালের বিচারক, প্রসিকিউশন ও আসামিপক্ষের আইনজীবীদের উপস্থিতি গোপন বন্দিশালা সংক্রান্ত অভিযোগের বিচারিক প্রক্রিয়ায় নতুন করে গুরুত্ব বহন করছে।

















