৫ সেপ্টেম্বর ঢাকা-চট্টগ্রাম লংমার্চের ঘোষণা ১১ দলীয় ঐক্যের
- আপডেট সময় : ০৩:৩৬:০৬ অপরাহ্ন, শুক্রবার, ৭ অগাস্ট ২০২৬
- / ৫৬৩ বার পড়া হয়েছে
দেশের জনগণের অধিকার আদায় ও বিদ্যুৎ-গ্যাস সংকট নিরসনের দাবিতে আগামী ৫ সেপ্টেম্বর ঢাকা থেকে চট্টগ্রাম পর্যন্ত লংমার্চ কর্মসূচির ঘোষণা দিয়েছে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য। বৃহস্পতিবার রাজধানীর মুক্তাঙ্গণে আয়োজিত ১১ দলীয় ঐক্যের অবস্থান কর্মসূচি থেকে এ ঘোষণা দেন জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।
অবস্থান কর্মসূচি থেকে বিদ্যুৎ ও গ্যাস সংকট নিরসনসহ জনস্বার্থসংশ্লিষ্ট ১০ দফা দাবি তুলে ধরে ১১ দলীয় ঐক্য।কর্মসূচিতে ডা. শফিকুর রহমান বলেন, জনগণের অধিকার আদায় এবং চলমান সংকট নিরসনে তারা রাজপথে শান্তিপূর্ণ কর্মসূচি চালিয়ে যাবেন। এর অংশ হিসেবেই আগামী ৫ সেপ্টেম্বর ঢাকা থেকে চট্টগ্রাম অভিমুখে লংমার্চ করা হবে।
অবস্থান কর্মসূচিতে লিবারেল ডেমোক্রেটিক পার্টির সভাপতি কর্নেল (অব.) অলি আহমদ, জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম, জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল ড. হামিদুর রহমান আযাদ এবং জাগপার সহসভাপতি ও মুখপাত্র ইঞ্জিনিয়ার রাশেদ প্রধানসহ ১১ দলীয় ঐক্যের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন। বিদ্যুৎ ও গ্যাস সংকটের পাশাপাশি দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, জনগণের নিরাপত্তা এবং বিভিন্ন জনদাবি বাস্তবায়নের বিষয়েও কর্মসূচি থেকে গুরুত্বারোপ করা হয়।

















