সচিব হলেন প্রশাসনের তিন কর্মকর্তা

- আপডেট সময় : ০৫:৩৫:১৩ অপরাহ্ন, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬
- / ৫১৮ বার পড়া হয়েছে
প্রশাসনের তিন কর্মকর্তাকে সচিব পদে পদোন্নতি দিয়েছে সরকার। পদোন্নতির পর তাদের দুই মন্ত্রণালয় ও একটি বিভাগে পদায়ন করা হয়েছে। বুধবার ২ সেপ্টেম্বর জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে পৃথক প্রজ্ঞাপনের মাধ্যমে এসব পদোন্নতি ও পদায়নের তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপন অনুযায়ী, জনপ্রশাসনের অতিরিক্ত সচিব এ এন এম বজলুর রশীদকে সচিব পদে পদোন্নতি দিয়ে স্বাস্থ্যসেবা বিভাগে পদায়ন করা হয়েছে। এ ছাড়া শিল্প মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এ কে এম বেঞ্জামিন রিয়াজীকে সচিব পদে পদোন্নতি দেওয়া হয়েছে। পদোন্নতির পর তাকে স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিব হিসেবে পদায়ন করা হয়েছে।
অন্যদিকে, মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব ইয়াসমিন বেগমকেও সচিব পদে পদোন্নতি দেওয়া হয়েছে। পরে তাকে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ে পদায়ন করা হয়। এদিকে, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের বর্তমান সচিব কানিজ মওলাকে পরবর্তী পদায়নের জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়েছে।
সরকারের এ সিদ্ধান্তের ফলে স্বাস্থ্যসেবা, স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ এবং সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের প্রশাসনিক দায়িত্বে পরিবর্তন এসেছে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের পৃথক প্রজ্ঞাপনে পদোন্নতি ও পদায়নের এসব সিদ্ধান্ত জানানো হয়।

















