হাতকড়াসহ আওয়ামী লীগ নেতা পালানোর ঘটনায় ওসি ক্লোজ

- আপডেট সময় : ০৪:৩১:৪৪ পূর্বাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
- / ৫৩২ বার পড়া হয়েছে
কিশোরগঞ্জের কুলিয়ারচরে পুলিশের হেফাজত থেকে হাতকড়াসহ আওয়ামী লীগ নেতা রেনু মিয়া পালিয়ে যাওয়ার ঘটনায় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসিকে শোকজ করে ক্লোজ করা হয়েছে।
এ ঘটনায় পুলিশ বাদী হয়ে ১৫ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ২০ থেকে ২৫ জনকে আসামি করে মামলা করেছে।
সোমবার রাতে কুলিয়ারচর থানার ওসি কাজী আরিফ উদ্দীনকে কর্তব্যে অবহেলার অভিযোগে শোকজসহ থানা থেকে ক্লোজ করা হয়। তবে ঘটনার পর রাতেই অভিযান চালিয়ে রেনু মিয়াকে পুনরায় গ্রেপ্তার করে পুলিশ।
মঙ্গলবার বিকেলে তাকে কিশোরগঞ্জ আদালতে পাঠানো হয়েছে।
পুলিশ জানায়, সোমবার দুপুরে উপজেলার ছয়সূতি ইউনিয়নের মাধবদী এলাকায় নিজ বাড়িতে অভিযান চালিয়ে রেনু মিয়াকে গ্রেপ্তার করা হয়। তিনি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ছয়সূতি ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড সভাপতি। তিনি মাধবদী এলাকার মৃত ইল্লাল মিয়ার ছেলে।
গ্রেপ্তারের পর রেনু মিয়ার দুই হাতে হাতকড়া পরানো হয়। এ সময় তার পরিবারের সদস্য ও স্থানীয় লোকজন সেখানে জড়ো হন। একপর্যায়ে তারা পুলিশকে ঘেরাও করে ধস্তাধস্তির মাধ্যমে হাতকড়াসহ রেনু মিয়াকে নিয়ে যায় বলে পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান।
এ সময় পুলিশের কয়েকজন সদস্য আহত হন।
পরে রাত সাড়ে ৯টার দিকে অভিযান চালিয়ে রেনু মিয়াকে পুনরায় গ্রেপ্তার করে পুলিশ। এ সময় তার হাতকড়াটিও উদ্ধার করা হয়।
ভৈরব সার্কেলের সহকারী পুলিশ সুপার আবু মুছা বলেন, আসামির পরিবারের সদস্যরা এ ঘটনা ঘটিয়েছে। কর্তব্যে অবহেলার কারণে কিশোরগঞ্জের পুলিশ সুপার ওসিকে শোকজ করে রাতেই ক্লোজ করেছেন।
এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।













