জাতিসংঘ অধিবেশনে আব্বাসের ভিসা বাতিল

- আপডেট সময় : ০৯:৫৯:০৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
- / ৫৪৩ বার পড়া হয়েছে
আগামী সপ্তাহে নিউইয়র্কে শুরু হতে যাওয়া জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসকে ভিসা দেয়নি যুক্তরাষ্ট্র। এ নিয়ে টানা দ্বিতীয় বছরের মতো জাতিসংঘের বার্ষিক এই অধিবেশনে সরাসরি উপস্থিত হতে পারছেন না ফিলিস্তিনি প্রেসিডেন্ট।
আল জাজিরার একটি সূত্রের বরাতে এএফপি জানিয়েছে এ তথ্য। গত বছর সদস্য দেশগুলোর অনুমোদনের পর ভিডিওর মাধ্যমে জাতিসংঘে বক্তব্য দিয়েছিলেন মাহমুদ আব্বাস। এবারও ভিডিও কনফারেন্সের মাধ্যমে বক্তব্য দেওয়ার সুযোগ থাকতে পারে বলে জানা গেছে। একই সময়ে প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশন বা পিএলও এবং ফিলিস্তিনি কর্তৃপক্ষের কর্মকর্তাদের ওপর ভিসা নিষেধাজ্ঞা আরও বাড়ানোর ঘোষণা দিয়েছে ওয়াশিংটন।
মার্কিন পররাষ্ট্র দপ্তরের অভিযোগ পিএলও ও ফিলিস্তিনি কর্তৃপক্ষ যুক্তরাষ্ট্রের আইনের আওতায় দেওয়া বিভিন্ন প্রতিশ্রুতি পূরণে ব্যর্থ হয়েছে। এর মধ্যে আন্তর্জাতিক অপরাধ আদালত এবং আন্তর্জাতিক বিচার আদালতের মাধ্যমে ইসরায়েল-ফিলিস্তিন সংঘাতকে আন্তর্জাতিক পর্যায়ে নেওয়ার চেষ্টা এবং আলোচনার পরিবর্তে একতরফাভাবে ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতি আদায়ের প্রচেষ্টার কথা উল্লেখ করা হয়েছে।
এ ছাড়া ফিলিস্তিনি কর্তৃপক্ষের বিরুদ্ধে সন্ত্রাসীদের ভাতা প্রদান এবং সন্ত্রাসবাদকে মহিমান্বিত করার অভিযোগও তুলেছে যুক্তরাষ্ট্র। গত বছরও জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের আগে পিএলও ও ফিলিস্তিনি কর্মকর্তাদের ভিসা দেওয়া হয়নি অথবা আগের ভিসা বাতিল করা হয়েছিল। ফলে জাতিসংঘ সদর দপ্তর নিউইয়র্কে হওয়া সত্ত্বেও মাহমুদ আব্বাস সরাসরি অধিবেশনে উপস্থিত হতে পারেননি।
মার্কিন পররাষ্ট্র দপ্তর জানিয়েছে ভিসা সংক্রান্ত প্রতিটি সিদ্ধান্ত জাতীয় নিরাপত্তার সঙ্গে সম্পর্কিত। জাতিসংঘের আয়োজক দেশ হিসেবে দায়িত্ব পালন করলেও সব আবেদনকারীর ক্ষেত্রে কঠোর যাচাই ও নিরাপত্তা পরীক্ষা করা হবে। এদিকে যুক্তরাষ্ট্রের এই সিদ্ধান্ত নিয়ে এখনো প্রকাশ্যে কোনো প্রতিক্রিয়া জানায়নি ফিলিস্তিনি কর্তৃপক্ষ।














