ঝিনাইদহে সিওর অর্থ আত্মসাতের অভিযোগ নিয়ে সংবাদ সম্মেলন

- আপডেট সময় : ০৮:৫৯:২৮ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
- / ৫৯২ বার পড়া হয়েছে
সোসিও ইকোনমিক হেলথ এডুকেশন অর্গানাইজেশন – সিও/SEHEO এর চাঁদপুর শাখার প্রাক্তন সহকারী হিসাব রক্ষক মোঃ সেলিম রেজা – স্টাফ আইডি: ৪৬১৪ এর বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগের বিষয়ে প্রামাণিক সত্য তুলে ধরতে আজ সংবাদ সম্মেলন করেছে সিও কর্তৃপক্ষ।
সংবাদ সম্মেলনে সিও/SEHEO এর পরিচালক – সার্বিক ড. মেহেদী হাসান জানান, অভিযুক্ত সেলিম রেজা ঘটনা প্রকাশের পর নিজের অপরাধ স্বীকার করেন। তিনি ৩০০ টাকার নন-জুডিসিয়াল স্ট্যাম্পে লিখিত অঙ্গীকারনামা প্রদান করেন এবং নিজ মুখে অর্থ আত্মসাতের বিস্তারিত বিবরণ দিয়ে একটি ভিডিও সাক্ষাৎকারও দেন। অডিও-ভিডিওটি বর্তমানে সংস্থার কাছে সংরক্ষিত রয়েছে।
তিনি আরও বলেন, “ঘটনার পর আমাদের জোনাল কর্মকর্তারা অভিযুক্তের নিজ গ্রাম যায়। পরবর্তীতে অভিযুক্তের বাবা ও চাচাসহ মোট ৪ জন চাঁদপুর শাখা অফিসে এসে নিরপেক্ষভাবে যাবতীয় হিসাব-নিকাশ ও রেজিস্টার যাচাই করেন। তারাও নিশ্চিত হন যে সেলিম রেজা সত্যিই সংস্থার অর্থ আত্মসাৎ করেছেন।” পরিবারের পক্ষ থেকে নির্দিষ্ট সময়ের মধ্যে আত্মসাৎকৃত অর্থ ফেরত দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে ৫০ টাকার নন-জুডিসিয়াল স্ট্যাম্প ও ভিডিও সাক্ষাৎকার দেওয়া হয় বলেও জানান তিনি।
কিন্তু আইনগত দায় এড়াতে এবং টাকা ফেরত না দেওয়ার অপকৌশল হিসেবে গত ১৬-০২-২০২৫ তারিখে অভিযুক্ত পক্ষ একটি ভিত্তিহীন ও বিভ্রান্তিকর সংবাদ সম্মেলন করে বলে অভিযোগ করেন ড. মেহেদী হাসান। তিনি বলেন, “যেখানে লিখিত স্ট্যাম্প, অডিও-ভিডিও সাক্ষাৎকার এবং পরিবারের সদস্যদের সামনে হিসাব মেলানোর সুস্পষ্ট প্রমাণ বিদ্যমান, সেখানে সত্য গোপন করে সংস্থার ভাবমূর্তি ক্ষুণ্ন করার এমন অপচেষ্টা সম্পূর্ণ অসৎ উদ্দেশ্য প্রণোদিত।”
সিও কর্তৃপক্ষ এই ভিত্তিহীন অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন, “অপপ্রচার চালিয়ে আইনি প্রক্রিয়া থেকে রেহাই পাওয়ার কোনো সুযোগ নেই। সত্যের বস্তুনিষ্ঠ প্রকাশই জনমনে সৃষ্ট বিভ্রান্তি দূর করতে পারে।” এসময় সাংবাদিকদের কাছে সঠিক তথ্যটি দেশবাসীর কাছে তুলে ধরার জন্য বিনীত অনুরোধ জানানো হয়













