পাহাড়ের চূড়ায় কেবল কার, আতঙ্কে অপু বিশ্বাস
- আপডেট সময় : ০৬:৪১:২৪ অপরাহ্ন, শনিবার, ৮ অগাস্ট ২০২৬
- / ৫২৩ বার পড়া হয়েছে
নেপালের পাহাড়ি সৌন্দর্য উপভোগ করতে গিয়ে এবার রোমাঞ্চের পাশাপাশি তীব্র ভয়ও পেয়েছেন ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা অপু বিশ্বাস। বর্তমানে নেপালে নতুন সিনেমা ‘শিকার’-এর শুটিংয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন এই অভিনেত্রী। শুটিংয়ের ফাঁকে বৃহস্পতিবার পোখারার অন্নপূর্ণা এলাকায় ঘুরতে গিয়ে কেবল কারে চড়েন তিনি।
পাহাড়ের অনেক উঁচু দিয়ে ঝুলন্ত অবস্থায় কেবল কার চলতে থাকায় শুরু হয় অপু বিশ্বাসের রোমাঞ্চকর অভিজ্ঞতা। সেই মুহূর্তের অনুভূতি ভক্তদের সঙ্গে ভাগ করে নিতে ফেসবুক লাইভে আসেন তিনি। লাইভের ক্যাপশনে অপু লিখেছিলেন—‘ভীষণ ভয় লাগছে।’ অভিনেত্রী জানান, পোখারার এই কেবল কারে চড়ার অভিজ্ঞতা তাঁর কাছে মালয়েশিয়া কিংবা সিঙ্গাপুরের কেবল কারে চড়ার চেয়েও বেশি ভয়ংকর ও চ্যালেঞ্জিং মনে হয়েছে।
উঁচু পাহাড়ের ওপর দিয়ে চলার সময় ভয় পেলেও পুরো অভিজ্ঞতাটি উপভোগ করেছেন তিনি। তবে একই সঙ্গে উচ্চতাভীতি রয়েছে এমন মানুষদের জন্য দিয়েছেন সতর্কবার্তা। অপু বিশ্বাসের পরামর্শ, যাদের উচ্চতাভীতি রয়েছে কিংবা হৃদ্যন্ত্রের সমস্যা আছে, তাদের এমন কেবল কারে না ওঠাই ভালো।
এদিকে পাহাড়ি সৌন্দর্য আর রোমাঞ্চের মাঝেও ব্যক্তিগত আবেগ থেকে দূরে থাকতে পারেননি এই অভিনেত্রী। নেপালের ব্যস্ত সফরে নিজের সন্তানকে ভীষণভাবে মিস করছেন বলেও ফেসবুক লাইভে জানান অপু বিশ্বাস। শুটিং, ভ্রমণ, রোমাঞ্চ আর ভয়—সব মিলিয়ে নেপাল সফরের এই অভিজ্ঞতা যেন অপু বিশ্বাসের জন্য হয়ে উঠেছে একেবারেই ভিন্নরকম।

















