রাজশাহীতে খালেদা জিয়ার জন্য বিএনপির দোয়া ও মোনাজাত
- আপডেট সময় : ১০:২৯:৫৩ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬
- / ৫৮০ বার পড়া হয়েছে
গণতন্ত্রের মা ও আপসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া জীবদ্দশায় গণতন্ত্র প্রতিষ্ঠায় আজীবন সংগ্রাম করেছেন বলে মন্তব্য করেছেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু। তিনি বলেন, বেগম খালেদা জিয়া বাংলাদেশের মানুষের হৃদয়ে চিরদিন বেঁচে থাকবেন। তিনি বিএনপিকে সুসংগঠিত ও শক্তিশালী করেছেন এবং রাজপথের আন্দোলন-সংগ্রামে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। দেশের মানুষের কল্যাণেও তিনি সবসময় কাজ করেছেন।
শনিবার বাদ আছর রাজশাহীর সোনাদিঘি মসজিদে বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় আয়োজিত দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন ভূমিমন্ত্রী। মিজানুর রহমান মিনু বলেন, ‘আমরা তাঁর আত্মার মাগফিরাত কামনা করি। আল্লাহ তায়ালা যেন তাঁকে জান্নাতবাসী করেন।’ রাজশাহী মহানগর বিএনপির সভাপতি মামুন অর রশিদের সভাপতিত্বে দোয়া মাহফিল সঞ্চালনা করেন রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক ও মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান রিটন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা পরিষদের প্রশাসক ও মহানগর বিএনপির সাবেক আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট এরশাদ আলী ঈশা, মহানগর বিএনপির সহসভাপতি আসলাম সরকার, ওয়ালিউল হক রানা, শফিকুল ইসলাম শাফিক, আবুল কালাম আজাদ সুইট, জয়নাল আবেদীন শিবলী, যুগ্ম সাধারণ সম্পাদক বজলুল হক মন্টু, সাংগঠনিক সম্পাদক রবিউল আলম মিলুসহ মহানগর বিএনপির নেতাকর্মীরা।
এ ছাড়া বিভিন্ন থানা, ওয়ার্ড, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরাও দোয়া মাহফিলে অংশ নেন। পরে বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।














