ফখরুল-অলির লড়াইয়ে ৩৫ বছর পর রাষ্ট্রপতি নির্বাচন
- আপডেট সময় : ১০:২৫:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬
- / ৫১০ বার পড়া হয়েছে
রাষ্ট্রপতি নির্বাচনে প্রতিদ্বন্দ্বী দুই প্রার্থীর কেউই নির্ধারিত সময়ের মধ্যে প্রার্থিতা প্রত্যাহার করেননি। ফলে তফসিল অনুযায়ী আগামী বৃহস্পতিবার, ২০ আগস্ট অনুষ্ঠিত হবে রাষ্ট্রপতি নির্বাচন। এবারের নির্বাচনে ক্ষমতাসীন বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করছেন জামায়াত নেতৃত্বাধীন ১১-দলীয় ঐক্যের প্রার্থী অলি আহমদ।
মঙ্গলবার বিকেল ৪টা পর্যন্ত ছিল মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ সময়। সময় শেষে নির্বাচন কমিশন সচিবালয়ের জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ জানান, দুই প্রার্থীর কেউই প্রার্থিতা প্রত্যাহার করেননি। ফলে নির্ধারিত সময়েই ভোট অনুষ্ঠিত হবে। ইসি জানিয়েছে, বৃহস্পতিবার দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত জাতীয় সংসদের সংসদ কক্ষে ভোট গ্রহণ হবে। ভোটার হিসেবে থাকবেন সংসদ সদস্যরা। সংসদে মোট ৩৫০টি আসন থাকলেও একজন সংসদ সদস্যের পদ বাতিল হওয়ায় এবার ভোটার সংখ্যা ৩৪৯ জন।
ভোটের দিন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন সংসদ সদস্যদের ভোট দেওয়ার পদ্ধতি সম্পর্কে অবহিত করবেন। এরপর ব্যালট পেপারে প্রার্থীর নামের পাশে নির্ধারিত স্থানে স্বাক্ষর করে ভোট দেবেন সংসদ সদস্যরা। বিকেল ৫টার পর সংসদ কক্ষেই ভোট গণনা এবং ফলাফল ঘোষণা করা হবে। দীর্ঘ ৩৫ বছর পর রাষ্ট্রপতি পদে সরাসরি ভোট হতে যাচ্ছে। সর্বশেষ ১৯৯১ সালে রাষ্ট্রপতি নির্বাচনে ভোট হয়েছিল। এরপর থেকে ক্ষমতাসীন দলের একক প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাষ্ট্রপতি নির্বাচিত হয়ে আসছেন। এবার বিএনপির সংসদীয় সংখ্যাগরিষ্ঠতা দুই-তৃতীয়াংশের বেশি হওয়ায় দলটির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের জয় অনেকটাই নিশ্চিত বলে মনে করা হচ্ছে। অন্যদিকে জামায়াত নেতৃত্বাধীন জোটের রয়েছে ৯০ জন সংসদ সদস্য।
সংবিধানের ৭০ অনুচ্ছেদ অনুযায়ী, সংসদ সদস্যরা দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে ভোট দিতে পারেন না। ফলে ভোটের ফলাফল নিয়ে অনিশ্চয়তা না থাকলেও দুই প্রার্থী থাকায় আনুষ্ঠানিকভাবে ভোট গ্রহণের প্রয়োজন হচ্ছে। গত ২৪ জুলাই রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেন। সংবিধান অনুযায়ী, রাষ্ট্রপতির পদ শূন্য হওয়ার ৯০ দিনের মধ্যে নতুন রাষ্ট্রপতি নির্বাচন করতে হবে।

















