‘আওয়ামী লীগ ক্ষমতায় এলে দেখে নেব’: মেম্বারের বিরুদ্ধে প্রতিবন্ধী ব্যক্তিকে হুমকির অভিযোগ
- আপডেট সময় : ১২:০৮:১০ পূর্বাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬
- / ৫২৭ বার পড়া হয়েছে
মাগুরার শালিখা উপজেলার বুনাগাতী ইউনিয়ন পরিষদের ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত মহিলা সদস্য আলেয়া বেগমের বিরুদ্ধে এক প্রতিবন্ধী ব্যক্তিকে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় প্রতিকার চেয়ে শালিখা উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী মো. মতিয়ার রহমান।
মতিয়ার রহমানের অভিযোগ, নাগরিকত্ব সনদে স্বাক্ষর নেওয়াকে কেন্দ্র করে তাকে হুমকি দেন ইউপি সদস্য আলেয়া বেগম। তার দাবি, আলেয়া বেগম তাকে বলেন, “বিএনপি সরকার শুধুমাত্র তিন মাস ক্ষমতায় আছে। পরবর্তীতে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় এলে তোকে দেখে নেব এবং সনদপত্রে স্বাক্ষর দেব কি না দেব, তখন বুঝবি।”
লিখিত অভিযোগে মো. মতিয়ার রহমান উল্লেখ করেন, তিনি শালিখা উপজেলার বুনাগাতী গ্রামের বাসিন্দা। নিজের এবং তার ছেলে তানভীর খন্দকার তুহিনের জন্য বুনাগাতী ইউনিয়ন পরিষদ থেকে নাগরিকত্ব সনদ প্রয়োজন হওয়ায় তিনি পরিষদের সচিবের কাছে যান। এ সময় প্রথমে তাকে সনদপত্র দিতে অস্বীকৃতি জানানো হয়। এ নিয়ে সচিবের সঙ্গে তার কথা কাটাকাটি হয় এবং তাকে পরিষদ থেকে অপমান-অপদস্থ করে বের করে দেওয়ার চেষ্টা করা হয় বলে অভিযোগ করেন তিনি।
পরবর্তীতে বিষয়টি ভুল বোঝাবুঝি হিসেবে মীমাংসা হলে পরিষদের সচিব সনদপত্র দিতে রাজি হন এবং তাতে স্বাক্ষর করেন। তবে অভিযোগ অনুযায়ী, ইউপি সদস্য আলেয়া বেগম তার নাগরিকত্ব সনদে স্বাক্ষর করেননি। বরং রাজনৈতিক পরিস্থিতি উল্লেখ করে তাকে ওই হুমকি দেওয়া হয় বলে অভিযোগ করেছেন মতিয়ার রহমান।
অভিযোগে তিনি আরও বলেন, জনগণের ভোটে নির্বাচিত জনপ্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করলেও আলেয়া বেগম তার নাগরিকত্ব সনদে স্বাক্ষর করেননি। এ ঘটনায় তিনি নিজেকে হতবাক ও আতঙ্কিত বলে উল্লেখ করেছেন।
মতিয়ার রহমান ঘটনার সুষ্ঠু তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য শালিখা উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে আবেদন জানিয়েছেন। তবে অভিযোগের বিষয়ে ইউপি সদস্য আলেয়া বেগমের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। অভিযোগের সত্যতা তদন্তের পরই প্রকৃত ঘটনা নিশ্চিত হওয়া সম্ভব হবে।















