বাংলা একাডেমিতে শুরু হচ্ছে ‘জিয়া স্মৃতি বইমেলা-২০২৬’

- আপডেট সময় : ০৭:৩২:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬
- / ৫৬২ বার পড়া হয়েছে
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজধানীর বাংলা একাডেমি প্রাঙ্গণে শুরু হচ্ছে ‘জিয়া স্মৃতি বইমেলা-২০২৬’।
জিয়া স্মৃতি পাঠাগার কেন্দ্রীয় কমিটির আয়োজনে বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩টায় মেলার আনুষ্ঠানিক উদ্বোধন হবে। বিএনপির নীতি ও আদর্শের ওপর রচিত বই এবং জিয়াউর রহমানের জীবনভিত্তিক সাহিত্যকর্মের প্রচার ও প্রসারই এ আয়োজনের মূল লক্ষ্য।
মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ডা. জুবাইদা রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন জিয়া স্মৃতি পাঠাগার কেন্দ্রীয় কমিটির সভাপতি ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম।
আয়োজক কমিটির সহ-সভাপতি ও মেলার আহ্বায়ক মো. আবদুস সাত্তার পাটোয়ারী জানান, বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এ মেলা সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে। মেলায় বিএনপির কেন্দ্রীয় ও অঙ্গ-সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ছাড়াও লেখক, গবেষক ও দর্শনার্থীরা অংশ নেবেন।

















