ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে বিএনপির মনোনয়ন ফরম নিলেন ফখরুলের ভাই

- আপডেট সময় : ১১:৪৩:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬
- / ৫২৭ বার পড়া হয়েছে
জাতীয় সংসদের ঠাকুরগাঁও-১ শূন্য আসনের উপনির্বাচনকে সামনে রেখে দলীয় মনোনয়ন ফরম বিক্রি শুরু করেছে বিএনপি। মঙ্গলবার সকাল ১১টায় রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে মনোনয়ন ফরম বিক্রি শুরু হয়।
এদিন বিএনপির প্রার্থী হতে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন দলটির ঠাকুরগাঁও জেলা শাখার সাবেক সভাপতি ও সাবেক পৌর মেয়র মির্জা ফয়সল আমিন। তিনি রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ছোট ভাই। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানিয়েছেন, ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন উপলক্ষে নয়াপল্টন কার্যালয় থেকে মোট তিনটি মনোনয়ন ফরম বিক্রি হয়েছে।
মির্জা ফয়সল আমিনের পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ করেন ঠাকুরগাঁও জেলা বিএনপির সাধারণ সম্পাদক পয়গাম আলী। এ সময় জেলা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। তবে বাকি দুটি মনোনয়ন ফরম কারা সংগ্রহ করেছেন সে বিষয়ে এখনো বিস্তারিত জানা যায়নি।
এর আগে গত ২০ আগস্ট জাতীয় সংসদে ভোটের মাধ্যমে রাষ্ট্রপতি নির্বাচিত হন ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পরদিন রাষ্ট্রপতি হিসেবে শপথ নেওয়ার পর আসনটি শূন্য ঘোষণা করা হয়। এই আসনে আগামী ২৯ অক্টোবর উপনির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। গত ১০ সেপ্টেম্বর নির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন।
তফসিল অনুযায়ী আগামীকাল বুধবার মনোনয়ন ফরম জমা দেওয়ার শেষ দিন। এরপর ১৮ সেপ্টেম্বর বিএনপির পার্লামেন্টারি বোর্ড বা স্থায়ী কমিটির সভায় ঠাকুরগাঁও-১ আসনে দলের চূড়ান্ত প্রার্থীর নাম ঘোষণা করা হবে। এখন দেখার বিষয়, শেষ পর্যন্ত ফখরুলের ছোট ভাই মির্জা ফয়সল আমিনই বিএনপির চূড়ান্ত মনোনয়ন পান কি না।

















