ট্রেনে অগ্নিসংযোগ নিয়ে রিজভীর বক্তব্যের নিন্দা জামায়াতের

- আপডেট সময় : ০৪:৪১:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
- / ৫৪৫ বার পড়া হয়েছে
ট্রেনে অগ্নিসংযোগের ঘটনাকে কেন্দ্র করে বাংলাদেশ জামায়াতে ইসলামীকে জড়িয়ে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভীর বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে জামায়াত। মঙ্গলবার এক বিবৃতিতে এ প্রতিবাদ জানান জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি এহসানুল মাহবুব জুবায়ের।
বিবৃতিতে তিনি বলেন, কোনো তদন্ত, নির্ভরযোগ্য প্রমাণ কিংবা সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে জামায়াতে ইসলামীর সাংগঠনিক সম্পৃক্ততা প্রমাণিত হওয়ার আগেই ট্রেনে অগ্নিসংযোগের দায় দলটির ওপর চাপানো অনৈতিক ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। রিজভী সোমবারের বক্তব্যে ট্রেনে আগুন দেওয়ার ঘটনায় গ্রেপ্তার ব্যক্তিদের জামায়াতের লোক বলে সংবাদমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে দাবি করে জামায়াতের আমিরের কাছে প্রশ্ন তুলেছিলেন। পাশাপাশি রাজশাহী রেলওয়ে স্টেশনে ভাঙচুরের ঘটনায় জামায়াতের আমিরকে লংমার্চ করার আহ্বান জানান তিনি।
আরও পড়ুন,
- নারীদের জন্য বিশেষ বাস চালিয়ে বাড়ছে বিআরটিসির লোকসান
- আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় ২৮ ‘জঙ্গি’ নিহতের দাবি
- দাবি মানলে ঢাকায় আর ককটেল ফুটবে না: নাসীরুদ্দীন পাটওয়ারী
এর জবাবে জামায়াতের নেতা এহসানুল মাহবুব জুবায়ের বলেন, কোনো অভিযোগ থাকলে তার সুনির্দিষ্ট তথ্য-প্রমাণ জাতির সামনে উপস্থাপন করা উচিত। তদন্তের আগে অভিযোগ এবং প্রমাণের আগে রায় দেওয়ার রাজনৈতিক সংস্কৃতি পরিহারের আহ্বান জানান তিনি। তিনি দাবি করেন, জামায়াতে ইসলামী সন্ত্রাস, অগ্নিসংযোগ, বোমাবাজি, নৈরাজ্য ও জনসম্পদ ধ্বংসের রাজনীতিতে বিশ্বাস করে না। কেউ এ ধরনের অপরাধে জড়িত থাকলে তার রাজনৈতিক পরিচয় বিবেচনা না করে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে আইনের আওতায় আনা উচিত।
রাজশাহী রেলওয়ে স্টেশনে ভাঙচুরের ঘটনাতেও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে জড়িত ব্যক্তিদের শনাক্ত এবং তাদের রাজনৈতিক পরিচয়সহ সংশ্লিষ্ট তথ্য জাতির সামনে প্রকাশের দাবি জানান তিনি। ওই ঘটনায় পশ্চিমাঞ্চল রেলওয়ে চার সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে বলে বাংলাদেশি সংবাদমাধ্যমে প্রতিবেদন এসেছে। জামায়াতের এই নেতা আরও বলেন, রাজনৈতিক প্রতিপক্ষকে ঘায়েল করতে অপরাধের সঙ্গে কোনো দলের নাম জড়িয়ে দেওয়া সুস্থ রাজনৈতিক সংস্কৃতির অংশ নয়। ট্রেনে অগ্নিসংযোগসহ সব ধরনের নাশকতা ও সহিংসতার নিরপেক্ষ তদন্তেরও দাবি জানান তিনি।

















