স্মৃতির আড্ডায় একসঙ্গে ঢাকাই সিনেমার গুণী শিল্পীরা

- আপডেট সময় : ১১:১৮:০৪ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
- / ৫৪২ বার পড়া হয়েছে
এক সময় বাংলাদেশের চলচ্চিত্রে নিয়মিত উপস্থিতি ছিল সুলতানা, নূতন, দিলারা, রীনা খান, দুলারী ও রেবেকার মতো গুণী অভিনয়শিল্পীদের। সময়ের সঙ্গে চলচ্চিত্রের গল্প ও কাস্টিংয়ে পরিবর্তন আসায় আগের মতো নিয়মিত পর্দায় দেখা যায় না তাদের। বিশেষ কোনো অনুষ্ঠান ছাড়া এই জ্যেষ্ঠ শিল্পীদের নিজেদের মধ্যেও নিয়মিত দেখা-সাক্ষাৎ হয়ে ওঠে না। সেই দূরত্ব ঘোচাতেই ব্যতিক্রমী উদ্যোগ নিলেন চলচ্চিত্রের পরিচিত মুখ কামরুন্নাহার আন্না।
সম্প্রতি রাজধানীর আগারগাঁওয়ে নিজের বাসভবনে জ্যেষ্ঠ চলচ্চিত্রশিল্পীদের নিয়ে বিশেষ আড্ডার আয়োজন করেন তিনি। দীর্ঘদিনের পরিকল্পনায় সাড়া দিয়ে সেখানে যোগ দেন সুলতানা, নূতন, দিলারা, রীনা খান ও রেবেকাসহ বেশ কয়েকজন গুণী শিল্পী। আড্ডায় পুরোনো দিনের চলচ্চিত্রের নানা স্মৃতি ও অভিজ্ঞতা নিয়ে গল্পে মেতে ওঠেন শিল্পীরা। দীর্ঘদিন পর সহকর্মীদের সঙ্গে দেখা হওয়ায় আবেগঘন হয়ে ওঠে আয়োজনটি।
সুলতানা বলেন, অনেক দিন পর এমন গল্পের আড্ডায় মেতে উঠে তার ভীষণ ভালো লেগেছে। সুন্দর আয়োজনের জন্য আন্নাকে আন্তরিক ধন্যবাদও জানান তিনি। অভিনেত্রী দিলারা ইয়াসমিন বলেন, জরুরি কাজ ছাড়া এখন খুব একটা ঘর থেকে বের হওয়া হয় না। আন্না যখন আয়োজনের কথা জানান তখনই তার ভালো লেগেছিল। সবার সঙ্গে দেখা হয়ে আনন্দ পেয়েছেন বলেও জানান তিনি।
আয়োজক অভিনেত্রী কামরুন্নাহার আন্না বলেন, আরও অনেক শিল্পীকে আমন্ত্রণ জানানো হয়েছিল। তবে একই দিনে সবার সময় মেলেনি বলে অনেকে আসতে পারেননি। যারা এসেছেন তাদের মধ্যে সুলতানা, নূতন, দিলারা ও রীনা খানের মতো গুণী শিল্পীদের উপস্থিতি তার জন্য দিনটিকে স্মরণীয় করে তুলেছে। নূতন এর আগে দিলারার সঙ্গে ‘জুলুম’ এবং সুলতানার সঙ্গে ‘সাত ভাই চম্পা’ ও ‘রসিয়া বন্ধু’সহ একাধিক চলচ্চিত্রে অভিনয় করেছেন। তবে আন্নার সঙ্গে এই তিন শিল্পীর একই সিনেমায় অভিনয়ের সুযোগ হয়ে ওঠেনি।
সব মিলিয়ে পুরোনো দিনের স্মৃতিচারণ, হাসি-আড্ডা আর সহকর্মীদের পুনর্মিলনের মধ্য দিয়ে দিনটি উপভোগ করেন ঢাকাই সিনেমার এই প্রবীণ শিল্পীরা।

















