একাদশে অনলাইনে ভর্তি নিয়ে কলেজগুলোকে বোর্ডের জরুরি বার্তা

- আপডেট সময় : ১২:০১:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
- / ৫৩৩ বার পড়া হয়েছে
২০২৬-২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে অনলাইনে নিশ্চায়ন করা শিক্ষার্থীদের ভর্তি কার্যক্রম দ্রুত সম্পন্ন করতে দেশের সব কলেজকে জরুরি নির্দেশনা দিয়েছে বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি। নির্দেশনা অনুযায়ী আগামী ২৬ সেপ্টেম্বর বিকেল ৫টার মধ্যে নির্ধারিত ওয়েবসাইটের মাধ্যমে শিক্ষার্থীদের ভর্তি কার্যক্রম সম্পন্ন করতে হবে।
বুধবার ২৩ সেপ্টেম্বর আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান স্বাক্ষরিত এক চিঠিতে দেশের সব কলেজের অধ্যক্ষকে এ নির্দেশনা দেওয়া হয়। চিঠিতে বলা হয়েছে একাদশ শ্রেণিতে ভর্তি সংক্রান্ত ওয়েবসাইটে কলেজের ইআইআইএন ও পাসওয়ার্ড ব্যবহার করে লগইন করতে হবে। এরপর কলেজে নির্বাচিত শিক্ষার্থীদের তালিকা অনুযায়ী প্রয়োজনীয় কাগজপত্র যাচাই করে অনলাইনে ভর্তি কার্যক্রম সম্পন্ন করতে হবে।
ভর্তির সময় এফকিউ ইকিউ-১ ইকিউ-২ ও এসকিউ কোটার প্রমাণকসহ প্রয়োজনীয় অন্যান্য কাগজপত্র যথাযথভাবে যাচাই করতে বলা হয়েছে। আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির নির্দেশনায় আরও বলা হয়েছে নির্ধারিত সময়ের মধ্যে কোনো কলেজ ভর্তিযোগ্য শিক্ষার্থীদের অনলাইনে অ্যাডমিট করতে ব্যর্থ হলে সংশ্লিষ্ট শিক্ষার্থীদের ওই কলেজে ভর্তি স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয়ে যাবে।
পরে এ ভর্তি নিয়ে কোনো ধরনের জটিলতা তৈরি হলে তার দায় বোর্ড কর্তৃপক্ষ নেবে না বলেও চিঠিতে সতর্ক করা হয়েছে। তাই নির্ধারিত সময়ের মধ্যেই অনলাইনে ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করতে দেশের সব কলেজ কর্তৃপক্ষকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

















