নিষিদ্ধের তিন দিন পরই সরকার ক্ষমতা হারায়: শফিকুর রহমান

- আপডেট সময় : ০৪:০৫:২৫ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬
- / ৫২৭ বার পড়া হয়েছে
২০২৪ সালের ৩১ জুলাইকে বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে গুরুত্বপূর্ণ এবং জামায়াতের জন্য বেদনাদায়ক দিন হিসেবে উল্লেখ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।
শুক্রবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ পরিবহন শ্রমিক ফেডারেশনের ত্রি-বার্ষিক জাতীয় সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ২০২৪ সালের ৩১ জুলাই তৎকালীন সরকার জামায়াতে ইসলামকে নিষিদ্ধ করার সিদ্ধান্ত নেয় এবং ১ আগস্ট সেই সিদ্ধান্ত কার্যকর হয়। তবে দলটি তাৎক্ষণিকভাবে সংবাদ সম্মেলনের মাধ্যমে ওই সিদ্ধান্ত প্রত্যাখ্যান করেছিল।
ডা. শফিকুর রহমান দাবি করেন, দল নিষিদ্ধ হওয়ার পর নেতাকর্মী ও দেশবাসীকে চলমান গণআন্দোলনের সঙ্গে একাত্ম হওয়ার আহ্বান জানানো হয়েছিল। জনগণের ব্যাপক অংশগ্রহণের ফলে মাত্র তিন দিনের ব্যবধানে তৎকালীন সরকার ক্ষমতা ধরে রাখতে ব্যর্থ হয় এবং দেশ ছাড়তে বাধ্য হয়।
তিনি আরও বলেন, দমন-পীড়ন, নির্যাতন ও বলপ্রয়োগের মাধ্যমে কোনো গণআন্দোলন দমন করা যায় না। দীর্ঘ সময় জনগণের ওপর নির্যাতন চালিয়ে কোনো সরকার টিকে থাকতে পারে না বলেও মন্তব্য করেন তিনি। সম্মেলনে বাংলাদেশ পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় নেতৃবৃন্দ, বিভিন্ন জেলার প্রতিনিধিরা, শ্রমিক নেতাসহ জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।





























