রাষ্ট্রপতি পদে প্রার্থী নিয়ে বিএনপির স্থায়ী কমিটির বৈঠক

- আপডেট সময় : ০৭:৫৩:৩৯ অপরাহ্ন, শনিবার, ১ অগাস্ট ২০২৬
- / ৫২৫ বার পড়া হয়েছে
রাজধানীর গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির বৈঠক শুরু হয়েছে। শনিবার বিকেল ৫টা ৩৫ মিনিটে এ বৈঠক শুরু হয়। বৈঠকে সভাপতিত্ব করছেন বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান।
দলীয় সূত্রে জানা গেছে, বৈঠকে রাষ্ট্রপতি পদে মনোনয়ন নিয়ে আলোচনা হতে পারে। পাশাপাশি দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি, সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ড, দলের সাংগঠনিক অবস্থা এবং আগামী দিনের রাজনৈতিক কর্মপন্থা নিয়েও বিস্তারিত আলোচনা হওয়ার কথা রয়েছে।
রাষ্ট্রপতি পদ শূন্য হওয়ার পর নতুন রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে রাজনৈতিক অঙ্গনে আলোচনা চলছে। এর মধ্যেই বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরামের বৈঠকে বিষয়টি গুরুত্ব পেতে পারে বলে ধারণা করা হচ্ছে।
বৈঠকে বিএনপির স্থায়ী কমিটির অন্যান্য সদস্যরাও উপস্থিত রয়েছেন। বৈঠক শেষে রাষ্ট্রপতি পদে দলের সম্ভাব্য প্রার্থী বা অন্যান্য গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত সম্পর্কে বিস্তারিত জানা যেতে পারে বলে দলীয় সূত্র জানিয়েছে।






























