নবম পে স্কেল নিয়ে ফের তোড়জোড়, মন্ত্রিসভায় উঠতে পারে চলতি মাসেই

- আপডেট সময় : ০৭:১২:২৭ অপরাহ্ন, শনিবার, ৮ অগাস্ট ২০২৬
- / ৫২৪ বার পড়া হয়েছে
বহুল প্রতীক্ষিত নবম জাতীয় পে স্কেল নিয়ে আবারও শুরু হয়েছে তোড়জোড়। নতুন বেতন কাঠামোর প্রস্তাব এখন চূড়ান্ত পর্যালোচনার পর্যায়ে রয়েছে। সংশ্লিষ্ট সূত্রের দাবি, সবকিছু ঠিক থাকলে আগামী সপ্তাহে অথবা চলতি আগস্টের শেষ দিকে প্রস্তাবটি মন্ত্রিসভার বৈঠকে উপস্থাপন করা হতে পারে। মন্ত্রিসভায় অনুমোদন মিললে পরবর্তী ধাপে প্রজ্ঞাপন জারির প্রক্রিয়া শুরু হবে। তবে নতুন পে স্কেল ঠিক কবে থেকে কার্যকর হবে, সে বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।
নতুন বেতন কাঠামো বাস্তবায়নের ক্ষেত্রে সরকারের সামনে বড় চ্যালেঞ্জ এর আর্থিক প্রভাব। সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন বাড়লে সরকারের ব্যয় এবং মূল্যস্ফীতির ওপর বাড়তি চাপ তৈরি হতে পারে—এ নিয়ে আন্তর্জাতিক মুদ্রা তহবিল বা আইএমএফ উদ্বেগ জানিয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। এমন পরিস্থিতিতে পে স্কেল বাস্তবায়ন কিছুটা পিছিয়ে দেওয়ার পরামর্শও দেওয়া হয়েছে বলে জানা গেছে।
তবে সরকার পুরোপুরি বাস্তবায়ন পিছিয়ে না দিয়ে দেশের আর্থিক সক্ষমতা বিবেচনায় ধাপে ধাপে নতুন বেতন কাঠামো কার্যকরের বিষয়টি বিবেচনা করছে। ২০১৫ সালে অষ্টম জাতীয় পে স্কেল কার্যকর হওয়ার পর কেটে গেছে প্রায় এক দশক। এর মধ্যে সরকারি চাকরিজীবীরা নিয়মিত ইনক্রিমেন্ট পেলেও জীবনযাত্রার ব্যয় ও মূল্যস্ফীতি বেড়েছে উল্লেখযোগ্যভাবে।
২০২৫ সালের জুলাইয়ে নবম পে কমিশন সরকারের কাছে প্রতিবেদন জমা দেয়। এতে সর্বনিম্ন মূল বেতন ৮ হাজার ২৫০ টাকা থেকে বাড়িয়ে ২০ হাজার টাকা এবং সর্বোচ্চ মূল বেতন ৭৮ হাজার টাকা থেকে বাড়িয়ে ১ লাখ ৬০ হাজার টাকা করার সুপারিশ করা হয়।
পরে গত ২১ এপ্রিল সুপারিশগুলো পর্যালোচনার জন্য বিশেষ কমিটি গঠন করা হয়। এখন সেই পর্যালোচনার ভিত্তিতে চূড়ান্ত সিদ্ধান্তের অপেক্ষা। মন্ত্রিসভায় প্রস্তাব কবে উঠবে, কবে প্রজ্ঞাপন হবে এবং শেষ পর্যন্ত নতুন বেতন কাঠামো কবে কার্যকর হবে—এসব প্রশ্নের উত্তর জানতে তাকিয়ে আছেন লাখো সরকারি কর্মকর্তা-কর্মচারী।






























