নতুন সময়সূচি কার্যকর
সন্ধ্যা ৭টায় বন্ধ আলোকিত বিলবোর্ড, ৮টায় মার্কেট-শপিংমল
- আপডেট সময় : ১২:০৮:০৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬
- / ৫৫৪ বার পড়া হয়েছে
বিদ্যুৎ সাশ্রয় ও বিদ্যুৎ ব্যবস্থাপনা কার্যক্রম জোরদারে নতুন সময়সূচি নির্ধারণ করেছে সরকার। বুধবার ১২ আগস্ট থেকে দেশের সব শপিংমল, মার্কেট ও দোকান রাত ৮টার মধ্যে বন্ধ করতে হবে। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয় বুধবার এক বার্তায় এ তথ্য জানিয়েছে।
নতুন সিদ্ধান্ত অনুযায়ী, দেশের শপিংমল, মার্কেট ও দোকানপাট সকাল ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত খোলা রাখা যাবে। এর আগে রাত ৯টা পর্যন্ত এসব প্রতিষ্ঠান খোলা রাখার অনুমতি ছিল। সরকার জানিয়েছে, বিদ্যমান পরিস্থিতি বিবেচনায় বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয় আনতে এবং সরবরাহ ব্যবস্থার ওপর চাপ কমাতে নতুন এ সময়সূচি নির্ধারণ করা হয়েছে।
একই সঙ্গে সন্ধ্যা ৭টার মধ্যে সব ধরনের আলোকিত বিলবোর্ড বন্ধ করতে হবে। পাশাপাশি সব ধরনের আলোকসজ্জাও বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। শুধু দোকানপাট নয়, দেশের বিভিন্ন স্থানে চলমান ও অনুষ্ঠিতব্য মেলা, বাণিজ্য মেলা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানও রাত ৮টার মধ্যে শেষ করতে হবে।
তবে জরুরি সেবার সঙ্গে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো এ নির্দেশনার আওতামুক্ত থাকবে। এর মধ্যে রয়েছে খাবারের দোকান, হাসপাতাল, ফার্মেসি ও ওষুধের দোকানসহ জরুরি সেবা প্রদানকারী প্রতিষ্ঠান। বিদ্যুৎ বিভাগ সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠান ও কর্তৃপক্ষকে নতুন সিদ্ধান্ত বাস্তবায়নে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছে।
সরকারের এ সিদ্ধান্তের ফলে ব্যবসাপ্রতিষ্ঠান, বিপণিবিতান ও বিভিন্ন আয়োজনের সময়সূচিতে পরিবর্তন আসবে। একই সঙ্গে বিদ্যুৎ সাশ্রয় এবং জাতীয় বিদ্যুৎ ব্যবস্থাপনায় এর প্রভাব পড়বে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।

















